
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) যুক্তরাষ্ট্র ক্রিকেট বোর্ডের (ইউএসএসি) সদস্যপদ স্থগিত করেছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) ভার্চুয়াল সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। পরে দেশটিকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়। তবে আইসিসি জানিয়েছে, স্থগিতাদেশ থাকা সত্ত্বেও যুক্তরাষ্ট্রের খেলোয়াড়রা কোনো আইসিসি ইভেন্টে অংশ নিতে পারবে।
আইসিসি বলেছে, গত এক বছর ধরে তারা ইউএসএসি’র প্রশাসনিক কাঠামো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। জুলাইয়ের বার্ষিক সাধারণ সভায় অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য তিন মাস সময় দেওয়া হয়েছিল। কিন্তু বোর্ড তা মেনে চলেনি, যার কারণে স্থগিতাদেশ দেওয়া হয়েছে।
আইসিসির পক্ষ থেকে বলা হয়েছে, এই সিদ্ধান্ত ক্রিকেটের দীর্ঘমেয়াদি স্বার্থ রক্ষার জন্য জরুরি। তবে খেলোয়াড় ও খেলার ওপর কোনো নেতিবাচক প্রভাব না পড়ার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে।
উল্লেখ্য, আইসিসি ম্যানেজমেন্টের সহায়তায় একটি নরমালাইজেশন কমিটি গঠন করা হয়েছে, যারা ইউএসএসি’র অগ্রগতি পর্যবেক্ষণ করবে এবং প্রশাসনিক ক্ষেত্রে প্রয়োজনীয় পরামর্শ দেবে।
আগামী ফেব্রুয়ারি-মার্চে ভারত ও শ্রীলঙ্কায় যৌথভাবে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে যুক্তরাষ্ট্রের অংশগ্রহণে কোনো বাধা নেই।
আরটিভি/এসকে




