
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন পরিচালনা পরিষদের নির্বাচনের আগে নোংরামির মাত্রা আগের সব সময়কে ছাড়িয়ে গেছে বলে অভিযোগ করেছেন দেশের সাবেক অধিনায়ক তামিম ইকবাল।
বৃহস্পতিবার গুলশান ক্রিকেট ক্লাবের সহ-সভাপতি হিসেবে খসড়া ভোটার তালিকার আপত্তি শুনানিতে অংশ নিয়ে তিনি বলেন, আমি সিনিয়রদের কাছ থেকেও শুনেছি, বিসিবির ইতিহাসে এত নোংরামি আগে কখনও হয়নি। যা করছেন, সেটা ইতিহাস হয়ে থাকবে। ভবিষ্যতেও এই দৃষ্টান্ত অনুসরণ করা হবে।
তামিম আরও বলেন, এবার নির্বাচন প্রক্রিয়ায় পক্ষপাতিত্ব লক্ষ্য করা যাচ্ছে। এটি নির্বাচনের একটি পক্ষকে দুর্বল করার জন্যই করা হচ্ছে। জেতার জন্য বা নিজের ইচ্ছা পূরণের জন্য ৩০০ ক্রিকেটারের জীবন নিয়ে খেলা শুরু করেছেন।
তবে ক্লাবগুলোর গুরুত্বও তুলে ধরে তিনি বলেন, কোন ক্লাবের ঠিকানা কোথায়, সেটা বড় বিষয় নয়। আসল বিষয় হলো, এই ক্লাবগুলো হঠাৎ গজিয়ে ওঠা নয়। এদের ইতিহাস আছে, আর্থিক রেকর্ড আছে।
জানা গেছে, ঢাকা প্রিমিয়ার লিগের সর্বশেষ আসরে সুপার লিগে খেলা গুলশান ক্রিকেট ক্লাবকে ভোটার তালিকায় রাখা হয়নি। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বিভাগ মিলিয়ে আরও ১৫টি ক্লাবও ভোটাধিকার থেকে বাদ পড়েছে।
তামিম নির্বাচন কমিশনকে সরাসরি অনুরোধ জানান, এখানে ৩০০ ক্রিকেটার এবং তাদের পরিবার জড়িত। তাই খুব বুঝেশুনে, সঠিক সিদ্ধান্ত নিন। সৎ পথে নির্বাচন আয়োজন করুন।
আরটিভি/এসকে




