
এমএলএস-এ গোলবন্যার ম্যাচে ভাঙলো ইন্টার মায়ামির জয়ের আশা। বুধবার (১ অক্টোবর) চেজ স্টেডিয়ামে অনুষ্ঠিত এক লড়াইয়ে শিকাগো ফায়ারের কাছে ৫-৩ গোলে পরাজিত হয়েছে লিওনেল মেসির দল।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল শিকাগো। ১১তম মিনিটে কর্নার থেকে হেডে গোল করে দলকে এগিয়ে নেন তাহ ডি'আভিলা। ৩১তম মিনিটে জোনাথান ডিন ব্যবধান দ্বিগুণ করেন। যদিও ৩৯তম মিনিটে মায়ামির টমাস অ্যাভিলেস ব্যবধান কমান। তবে প্রথমার্ধ শেষ হওয়ার আগেই (৪৩তম মিনিটে) কুয়ামে গোল করে শিকাগোকে ৩-১ ব্যবধানে এগিয়ে দেন।
দ্বিতীয়ার্ধে দারুণভাবে ঘুরে দাঁড়ায় মায়ামি। উরুগুয়ের তারকা ফরোয়ার্ড লুইস সুয়ারেজ ৫৭ ও ৭৪ মিনিটে দুই গোল করে দলকে সমতায় ফেরান (৩-৩)।
তবে ম্যাচের শেষদিকে ভেঙে পড়ে মায়ামির রক্ষণভাগ। ৮০তম মিনিটে জাস্টিন রেনল্ডস এবং তিন মিনিট পর ব্রায়ান গুতেরেস গোল করে শিকাগোর জয় নিশ্চিত করেন।
এই জয়ে ৩২ ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে টেবিলের ১২তম স্থানে উঠে এসেছে শিকাগো ফায়ার। অন্যদিকে, ৩১ ম্যাচ শেষে ৫৪ পয়েন্ট নিয়ে টেবিলের ছয় নম্বরে আছে ইন্টার মায়ামি।
আরটিভি/এসকে




