
দক্ষিণ আমেরিকার ঐতিহ্যবাহী প্রতিদ্বন্দ্বিতা ব্রাজিল বনাম আর্জেন্টিনা মানেই ফুটবলপ্রেমীদের জন্য বাড়তি উত্তেজনা। সেই উত্তেজনাই ছড়িয়ে পড়েছিল প্যারাগুয়ের আসুনসিওনে অনুষ্ঠিত কনমেবল লিগা ইভল্যুশন অনূর্ধ্ব-১৫ ফুটবলের ফাইনালেও। রোমাঞ্চকর লড়াই শেষে টাইব্রেকারে আর্জেন্টিনাকে হারিয়ে শিরোপা ঘরে তুলেছে ব্রাজিল।
নির্ধারিত ৮০ মিনিটের খেলা শেষে দুই দলই ছিল ২-২ সমতায়। ফলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে, যেখানে ৫-৪ ব্যবধানে জয় পায় ব্রাজিল। আর্জেন্টিনার শেষ শটটি মিস করেন রোমান গঞ্জালেস, যা ঠেকিয়ে দিয়ে দলকে শিরোপা এনে দেন ব্রাজিল গোলরক্ষক।
ফাইনালে আর্জেন্টিনা প্রথমে দুই গোলে পিছিয়ে পড়লেও রিভার প্লেটের তরুণ ফরোয়ার্ড ব্রুনো কাবরালের দুর্দান্ত জোড়া গোলে সমতায় ফিরে আসে দলটি। শেষ পর্যন্ত ভাগ্য সহায় হয়নি, কিন্তু পুরো টুর্নামেন্টজুড়ে কাবরালই ছিলেন আর্জেন্টিনার সবচেয়ে উজ্জ্বল মুখ।
মাত্র ১৫ বছর বয়সেই কাবরাল যেন ভবিষ্যৎ স্ট্রাইকারের প্রতিশ্রুতি। পুরো টুর্নামেন্টে আর্জেন্টিনার মোট ১১ গোলের মধ্যে ১০টিই এসেছে তার পা থেকে, যা তাকে করেছে আসরের সর্বোচ্চ গোলদাতা। গত মৌসুমে রিভারের নবম বিভাগে ২৬ ম্যাচে ২৭ গোল করেছিলেন এই প্রতিভাবান কিশোর।
দলের সতীর্থরা স্নেহভরে তাকে ডাকেন, ১৫ বছরের পেশাদার ফুটবলার তার শৃঙ্খলা, ফিটনেস ও খেলার প্রতি নিবেদন দেখে। ফাইনালে হারের হতাশা থাকলেও আর্জেন্টিনা অনূর্ধ্ব-১৫ কোচিং স্টাফ সন্তুষ্ট কাবরালসহ দলের সার্বিক পারফরম্যান্সে।
আরটিভি/এসকে




