
দীর্ঘদিন ক্যানসারের সঙ্গে লড়াই করার পর আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবল কোচ মিগেল অ্যাঞ্জেল রুশো মারা গেছেন। ৬৯ বছর বয়সে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন তিনি। মৃত্যুর আগে তিনি বোকা জুনিয়র্সের কোচের দায়িত্বে ছিলেন।
রুশোর মৃত্যুর খবর নিশ্চিত করেছে বোকা জুনিয়র্স। সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করে ক্লাবটি জানিয়েছে, ‘মিগেল রুশো আমাদের ক্লাবে অম্লান ছাপ রেখে গেছেন। তার নিবেদন আমাদের কাছে চিরন্তন অনুপ্রেরণা হয়ে থাকবে। এই শোকের সময়ে আমরা তার পরিবার ও প্রিয়জনদের পাশে আছি। বিদায়, প্রিয় মিগেল!’
খেলোয়াড়ি জীবনে রুশো ছিলেন একজন ডিফেন্সিভ মিডফিল্ডার। ১৯৮৩ থেকে ১৯৮৫ সাল পর্যন্ত আর্জেন্টিনার জাতীয় দলের জার্সিতে ১৭টি ম্যাচ খেলেছেন এবং ১টি গোল করেছেন। ক্লাব ক্যারিয়ারে তিনি এস্তুডিয়ান্তেসের হয়ে ৪১৮টি ম্যাচে অংশগ্রহণ করেছিলেন।
কিন্তু কোচিং ক্যারিয়ারে তিনি আর্জেন্টিনার ফুটবলে বেশি স্মরণীয় হয়ে আছেন। রুশো বোকা জুনিয়র্স, সান লোরেঞ্জো এবং রেসিং ক্লাবের মতো দলের দায়িত্ব পালন করেছেন। আন্তর্জাতিকভাবে চিলির উনিভার্সিদাদ দে চিলে, স্পেনের সালামাঙ্কা, মেক্সিকোর মোরেলিয়া, কলম্বিয়ার মিলিওনারিওস এবং সৌদি আরবের আল নাসর ক্লাবেও তার কোচিং ছিল।
রুশো তিন দফায় বোকা জুনিয়র্সের কোচের দায়িত্ব পালন করেছেন। ক্লাবকে কোপা লিবার্তাদোরেস জেতানো তার ক্যারিয়ারের অন্যতম সেরা অর্জন। এছাড়া ২০০৭ ও ২০২০ সালে তিনি বোকা জুনিয়র্সকে আর্জেন্টিনার ঘরোয়া লিগ শিরোপা জিতিয়েছেন। ২০১৭ সালে প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত হওয়ার পরও তিনি কোচিং চালিয়ে যান এবং চলতি বছরের জুনে তৃতীয়বারের মতো বোকা জুনিয়র্সের দায়িত্বে ফিরেছিলেন।
আরটিভি/এসকে/এস




