একসময় ইউরোপীয় ফুটবলে আলোচিত নামের মধ্যে অন্যতম ছিলেন ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়র। বার্সেলোনা ও প্যারিস সেন্ট জার্মেইয়ে অসাধারণ পারফরম্যান্সে ভক্তদের মুগ্ধ করেছেন তিনি। তবে সাম্প্রতিক বছরগুলোতে ইনজুরি ও ক্লাব পরিবর্তনের কারণে নেইমারকে কঠিন সময় পার করতে হচ্ছে।
২০২৩ সালে পিএসজি ছাড়ার পর সৌদি আরবের আল হিলালে যোগ দেন নেইমার। তবে গুরুতর হাঁটুর ইনজুরির কারণে সেখানে খেলতে পারেন মাত্র তিনটি ম্যাচ। এরপর তিনি নিজের শৈশবের ক্লাব সান্তোসে ফিরেছেন এবং বর্তমানে সেখানকার অধিনায়ক। কিন্তু চোটের কারণে এবার ব্রাজিল সিরি আ লিগে খেলেছেন মাত্র ১৩ ম্যাচ।
৩৩ বছর বয়সী নেইমার ২০২৩ সালের পর থেকে ব্রাজিল জাতীয় দলের জার্সিতেও মাঠে নামেননি।
এ অবস্থায় গুঞ্জন উঠেছে, এবার তিনি যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকার (এমএলএস) এ নতুন চ্যালেঞ্জ নিতে পারেন। ব্রিটিশ গণমাধ্যম ডেইলি মেইল জানিয়েছে, ইন্টার মায়ামি ক্লাব নেইমারকে দলে ভেড়ানোর পরিকল্পনা করছে। ইতিমধ্যেই ক্লাবটি লিওনেল মেসি ও লুইস সুয়ারেজের সঙ্গে নতুন চুক্তি নবায়নের আলোচনা করছে এবং তাদের পাশে নেইমারকে আনার চিন্তাও চলছে।
উল্লেখ্য, মৌসুম শেষে অবসরে যাচ্ছেন জর্দি আলবা ও সার্জিও বুসকেতস, যা এই চুক্তি কার্যকর করার সম্ভাবনাকে আরও বাড়িয়ে দিচ্ছে।
আরটিভি/এসকে
