
পাঁজরের চোটে ভোগা বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাস অবশেষে মাঠে ফেরার অপেক্ষার প্রহর শেষ করছেন। সেপ্টেম্বরে এশিয়া কাপের মাঝপথে চোট পাওয়ার পর দীর্ঘদিন জাতীয় দলের বাইরে ছিলেন তিনি। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার তৃতীয় ও শেষ ওয়ানডের পর শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি সিরিজ দিয়েই ফিরছেন এই তারকা ওপেনার।
দলের সঙ্গে ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, লিটন এখন সম্পূর্ণ ফিট এবং চোট থেকে পুরোপুরি সেরে উঠেছেন। ফলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে তাকে পাওয়া যাবে।
চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে (সাবেক জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম) তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে ২৬, ২৮ ও ৩১ অক্টোবর প্রতিটি ম্যাচই শুরু হবে সন্ধ্যা ৬টায়।
ওয়ানডে সিরিজ শেষেই আগামীকাল (২৪ অক্টোবর) চট্টগ্রামে যাবে বাংলাদেশ দল। তবে আজই সেখানে রওনা হয়েছেন লিটনসহ আরও কয়েকজন ক্রিকেটার, যার মধ্যে আছেন শরিফুল ইসলামও। যদিও এখনো টি-টোয়েন্টি সিরিজের আনুষ্ঠানিক স্কোয়াড ঘোষণা করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
লিটনের পাশাপাশি কাঁধের ইনজুরি থেকে ফিরেছেন তরুণ ওপেনার পারভেজ হোসেন ইমন, যিনি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজেও ছিলেন না।
এর আগে, সর্বশেষ টি-টোয়েন্টি সিরিজে আফগানিস্তানকে ৩-০ ব্যবধানে হারিয়ে দুর্দান্ত জয় পেয়েছিল বাংলাদেশ। তবে ওয়ানডে সিরিজে সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি মেহেদী হাসান মিরাজের নেতৃত্বাধীন দল। বর্তমানে তিন ম্যাচ সিরিজে দুই দলই ১-১ সমতায় আছে, আজ অ্যাডিলেইডে হবে সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডে।
লিটনের প্রত্যাবর্তন নিঃসন্দেহে টি-টোয়েন্টি দলে বাড়তি আত্মবিশ্বাস জোগাবে। অভিজ্ঞ এই ব্যাটারকে নিয়েই নতুন উদ্যমে ক্যারিবীয়দের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা।
আরটিভি/এসকে




