
বাংলাদেশ পুরুষ ক্রিকেট দলের আগে মেয়েরা বিশ্বকাপ জিতবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।
শুক্রবার (২৪ অক্টোবর) রাতে এক অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ মন্তব্য করেন।
বিসিবি সভাপতি বলেন, ছেলেদের ক্রিকেট অবশ্যই ভালো করবে। তবে আমার মনে হয় ছেলেদের আগে মেয়েরা বিশ্বকাপ চ্যাম্পিয়ন হবে। চলমান বিশ্বকাপে ছোট ছোট ভুল না করলে হয়তো আমাদের আজকে পাঁচটা জয় হতো, সেমিফাইনাল খেলার মতো একটা দল হতে পারতাম। আমরা ভুল থেকে শিখছি। আমরা আপনাদের নিরাশ করব না।
বর্তমান নারী ওয়ানডে বিশ্বকাপে পয়েন্ট টেবিলের তলানিতে রয়েছে বাংলাদেশ দল। তবে পারফরম্যান্সের বিচারে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন টাইগ্রেসদের প্রশংসা কুড়িয়েছে অনেক। দ্বিতীয়বারের মতো বিশ্বমঞ্চে খেলতে নেমে মেয়েরা এবারের আসরে বেশ কিছু চমক দেখিয়েছে।
প্রথম ম্যাচে পাকিস্তানকে হারিয়ে টুর্নামেন্ট শুরু করে বাংলাদেশ। এরপর দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ডের মতো শক্তিশালী দলের বিপক্ষেও লড়াই করেছে সমানে সমান। শ্রীলঙ্কার বিপক্ষে প্রায় জেতা ম্যাচ হাতছাড়া হয়েছে দুর্ভাগ্যে। সামান্য ভুল না হলে এবারের বিশ্বকাপেই সেমিফাইনাল খেলার সুযোগ পেত নিগাররা।
নারী ক্রিকেটসহ দেশের সামগ্রিক ক্রিকেট উন্নয়ন নিয়েও আশাবাদ ব্যক্ত করেছেন বিসিবি সভাপতি। তিনি বলেন, আমাদের ওপর বিশ্বাস রাখুন, আমরা বাংলাদেশ ক্রিকেটকে এমন উচ্চতায় নিয়ে যাব ইনশাআল্লাহ, যাতে পুরো জাতি গর্ব করতে পারে। বাংলাদেশে আমরা শুধু ক্রিকেটার তৈরি করব না, ক্রিকেটের মাধ্যমে ভালো নাগরিকও তৈরি করব।
আরটিভি/এসকে




