
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) আয়োজন নিয়ে ব্যস্ত সময় পার করছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নবনির্বাচিত কমিটির পরিচালকরা। নতুন কমিটির প্রথম সভার পর ইফতেখার রহমান মিঠু জানান, আগামী ডিসেম্বরেই অনুষ্ঠিত হবে পরবর্তী বিপিএল।
বিসিবি এবার ফ্র্যাঞ্চাইজি মালিকদের জন্য কিছু নতুন সুবিধার ঘোষণা দিয়েছে। বিসিবির একজন পরিচালক বলেন, বিপিএলে এবার ৫-৬টি দল থাকবে। টিভি রাইটস এবং টিকিট বিক্রি থেকে ৩০ শতাংশ লভ্যাংশ ফ্র্যাঞ্চাইজিদের দেওয়া হবে। এছাড়া ডিজিটাল প্ল্যাটফর্মে অ্যাড টাইমের ৩০ শতাংশ ব্যবহার করতে পারবে ফ্র্যাঞ্চাইজিরা। দুইটি ফ্র্যাঞ্চাইজি ১৫ মিনিট করে নিজেদের বা স্পন্সরের অ্যাড প্রচার করতে পারবে।
ফ্র্যাঞ্চাইজি প্রক্রিয়াকেও নতুন নিয়মে সাজানো হয়েছে। পরিচালক জানান, এক্সটেনশন অব ইন্টারেস্টের সঙ্গে দুই কোটি টাকার পে অর্ডার বা ব্যাংক ড্রাফট জমা দিতে হবে। এরপর আলোচনার মাধ্যমে যারা ফ্র্যাঞ্চাইজি কিনতে ইচ্ছুক, তাদেরকে টেম্পোরারিলি সিলেক্ট করা হবে। নির্বাচিত ফ্র্যাঞ্চাইজিরা পরবর্তী তিন দিনের মধ্যে ১০ কোটি টাকা ব্যাংক গ্যারান্টি জমা দেবেন।
ভেন্যু সম্পর্কেও বিসিবির পরিকল্পনা প্রকাশ করেন কর্মকর্তা। তিনি বলেন, ঢাকা, চট্টগ্রাম এবং সিলেট ভেন্যু হিসেবে থাকবে। রাজশাহীতে ম্যাচ আয়োজনের চেষ্টা করা হচ্ছে, কিন্তু এ বছর সম্ভব নাও হতে পারে। তবে আগামী বছর ভেন্যু সংখ্যা বাড়ানোর পরিকল্পনা আছে।
বিসিবির এই পদক্ষেপের মাধ্যমে ফ্র্যাঞ্চাইজি মালিকদের ব্যবসায়িক সুবিধা বাড়ানো ও বিপিএলকে আরও আকর্ষণীয় করে তোলার চেষ্টা করা হচ্ছে।
আরটিভি/এসকে




