
বর্তমানে বিশ্বের মহামারী আকারে ছড়িয়ে পড়েছে অনলাইন বেটিং। এবার অনলাইন বেটিং নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়েছে তুরস্ক ফুটবল ফেডারেশন (টিএফএফ)। দেশটির এক রেফারি একাই ১৮ হাজারের বেশি ম্যাচে বাজি ধরেছে বলে জানা গিয়েছে।
সম্প্রতি এক সংবাদ সম্মেলনে এই তথ্য প্রকাশ করেছেন টিএফএফ প্রেসিডেন্ট ইব্রাহিম হাজিওসমানোগলু।
তিনি জানান, তুরস্কের পেশাদার ফুটবলে ১৫০ জনেরও বেশি রেফারি ফুটবল ম্যাচে বাজি ধরেছেন। এর মধ্যে ১০ জন রেফারি গত পাঁচ বছরে ১০ হাজারের বেশি ম্যাচে বাজি রেখেছেন। আরও অবাক করা তথ্য হলো একজন রেফারি একাই ১৮ হাজার ২২৭ ম্যাচে বাজি ধরেছেন!
হাজিওসমানোগলু বলেন, সরকারি সংস্থাগুলোর তদন্তে দেখা গেছে, ৫৭১ সক্রিয় রেফারির মধ্যে ৩৭১ জনের অন্তত একটি বাজি কোম্পানির অ্যাকাউন্ট রয়েছে। এর মধ্যে ১৫২ জন রেফারি সরাসরি ফুটবল ম্যাচে বাজি ধরেছেন। তাদের মধ্যে ৭ জন শীর্ষ পর্যায়ের রেফারি, ১৫ জন শীর্ষ পর্যায়ের সহকারী, ৩৬ জন বিভিন্ন স্তরের রেফারি এবং ৯৪ জন সহকারী রেফারি।
অভিযুক্তদের বিরুদ্ধে তাৎক্ষণিক শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে জানিয়েছে টিএফএফ প্রেসিডেন্ট। ‘ওদের শৃঙ্খলা কমিটির কাছে পাঠানো হবে এবং নিয়মানুযায়ী কঠোর শাস্তি দেওয়া হবে’।
তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ঘটনাগুলো গত পাঁচ বছরের এবং এগুলো তুরস্কের ক্রীড়া আইন ও বাজি-নিষিদ্ধ আইন লঙ্ঘনের আওতায় পড়ে।
সেই সঙ্গে তুরস্কি ফুটবলে বড় সংস্কারের ইঙ্গিত দিয়ে হাজিওসমানোগলু বলেন, আমরা জানি তুরস্ক ফুটবলের পরিবর্তনের প্রয়োজন। আমাদের দায়িত্ব হলো তুর্কি ফুটবলকে তার মর্যাদায় ফিরিয়ে আনা এবং সমস্ত কলঙ্ক দূর করা।
টিএফএফ জানিয়েছে, অভিযুক্ত রেফারিদের শনাক্ত করে আইনি ও শৃঙ্খলাগত ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি, তদন্ত আরও গভীরভাবে চালানো হবে বলে জানানো হয়েছে।
আরটিভি/এসআর




