
টানা ৮ ম্যাচে জয়হীন থাকায় গত সপ্তাহে ইগর তুদোরকে ছাঁটাই করে ইতালিয়ান ক্লাব জুভেন্টাস। এবার ইতালি জাতীয় দলের সাবেক কোচ লুসিয়ানো স্প্যালেত্তিকে নতুন কোচ হিসেবে নিয়োগ দিয়েছে ক্লাবটি।
এক বিবৃতিতে জুভেন্টাস জানিয়েছে, স্প্যালেত্তি সঙ্গে ২০২৬ সালের জুন পর্যন্ত চুক্তি করেছে তারা। ইতালির সংবাদমাধ্যমের বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, স্প্যালেত্তির পারফরম্যান্সে ক্লাব সন্তুষ্ট হলে মেয়াদ বাড়ানোর সুযোগও থাকবে।
৬৬ বছর বয়সি স্প্যালেত্তি ইতালির জাতীয় দলের দায়িত্ব নেওয়ার আগে নাপোলি, রোমা, ইন্টার মিলানসহ বেশ কয়েকটি ক্লাবের কোচ ছিলেন। ২০২৩ সালের আগস্ট থেকে ২০২৫ এর জুন পর্যন্ত তিনি ইতালি জাতীয় দলের দায়িত্বে ছিলেন।
ইতালির মিলানে এক অনুষ্ঠানে স্প্যালেত্তি বলেন, জুভেন্টাসের মতো দলের দায়িত্ব পাওয়া যেকোনো কোচের জন্য বড় সম্মান। জাতীয় দলের পর আবার ক্লাব ফুটবলে ফিরতে পারলে সেটা আমার জন্য দারুণ হবে।
সিরি আতে টানা ড্র ও হারের ফলে টেবিলের মাঝামাঝিতে রয়েছে ইতালির এক সময়ের সেরা ক্লাবটি। ৯ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে আছে তারা। শনিবার (১ নভেম্বর) ক্রিমোনিজের বিপক্ষে ম্যাচেই স্প্যালেত্তিকে জুভেন্টাসের ডাগআউটে দেখা যাবে।
আরটিভি/এসআর




