
ম্যাচ পরিচালনার দায়িত্বে থাকা রেফারি ও সহকারী রেফারিদের বাজিতে (বেটিং) নিয়ে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছিল তুরস্ক ফুটবল ফেডারেশন (টিএফএফ)। সরাসরি বাজিতে অংশ নেওয়ার দায়ে ১৪৯ জন পেশাদার রেফারি ও সহকারী রেফারিকে বরখাস্ত করেছে টিএফএফ।
শুক্রবার (৩১ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করেছে ইএসপিএন।
প্রতিবেদন অনুসারে, অভিযুক্ত এই ম্যাচ অফিসিয়ালদের ৮ থেকে ১২ মাস পর্যন্ত নিষেধাজ্ঞা দেয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর আগে সংবাদ সম্মেলনে টিএফএফ প্রেসিডেন্ট ইব্রাহিম হাজিওসমানোগলু জানিয়েছিলে, তুরস্কের পেশাদার ফুটবলে ১৫০ জনেরও বেশি রেফারি ফুটবল ম্যাচে বাজি ধরেছেন। এর মধ্যে ১০ জন রেফারি গত পাঁচ বছরে ১০ হাজারের বেশি ম্যাচে বাজি রেখেছেন। আরও অবাক করা তথ্য হলো একজন রেফারি একাই ১৮ হাজার ২২৭ ম্যাচে বাজি ধরেছেন!
সরকারি সংস্থাগুলোর তদন্তে দেখা গেছে, ৫৭১ সক্রিয় রেফারির মধ্যে ৩৭১ জনের অন্তত একটি বাজি কোম্পানির অ্যাকাউন্ট রয়েছে। এর মধ্যে ১৫২ জন রেফারি সরাসরি ফুটবল ম্যাচে বাজি ধরেছেন। তাদের মধ্যে ৭ জন শীর্ষ পর্যায়ের রেফারি, ১৫ জন শীর্ষ পর্যায়ের সহকারী, ৩৬ জন বিভিন্ন স্তরের রেফারি এবং ৯৪ জন সহকারী রেফারি।
আরটিভি/এসআর




