
নারী ক্রিকেট বিশ্বকাপে ভারতীয় দলের ১২তম সদস্য একটি কুকুর! শুনতে অদ্ভুত মনে হলেও এটাই সত্যি। ভারতীয় নারী ক্রিকেট দলের অন্যতম তারকা জেমিমা রদ্রিগেজ তার প্রিয় পোষা কুকুর ‘জেড’-কে এভাবেই পরিচয় করিয়েছেন দলের বিশেষ সদস্য হিসেবে।
সম্প্রতি আইসিসির সামাজিকমাধ্যম পেজে প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, অনুশীলনে জেমিমার সঙ্গে রয়েছে একটি কুকুর। প্রাণীটিকে পরিচয় করিয়ে দিয়ে জেমিমা বলেন, হ্যালো, সবাই। আজকের অনুশীলনে আমাদের সঙ্গে আছে এক বিশেষ সদস্য। আমি তাকে জেড বলি। সে আমাদের ১২তম সদস্য।
জেমিমা জানান, দুই বছর আগে তার ২৩তম জন্মদিনে বাবা তাকে উপহার দেন এই কুকুরটি। নিজের নামের আদ্যক্ষর থেকেই নাম রেখেছেন ‘জেড’। ভারতীয় দলে জেড এখন সবার প্রিয়। অনুশীলনে খেলোয়াড়দের সঙ্গে সময় কাটায়, এমনকি ব্যাটে মারা বল কুড়িয়ে এনে দেয় সে।
জেমিমা বলেন, জেড খুবই ভালো ও শান্ত স্বভাবের। আমরা একই রকম এনার্জি ভাগ করি। মা যখন তাকে দৌড়াতে দেখেন, বলেন এ যেন ছোট জেমিমা মাঠে ছুটছে! আগে পরিবারে আমি সবার প্রিয় ছিলাম, এখন সেই জায়গাটা দখল করেছে জেড।
ভিডিওতে দেখা যায়, অনুশীলনের সময় জেমিমা ও জেড একসঙ্গে খেলছে। সতীর্থরা মজা করে বলেন, জেমি, ও তোমার মতোই!” জেমিমা হেসে উত্তর দেন, “আমিতো আগেই বলেছিলাম।
এই জেড শুধু দলের মন ভালো রাখে না, জেমিমার আত্মবিশ্বাসও যেন আরও বাড়িয়ে দেয়। গত ৩০ অক্টোবর নারী ওয়ানডে বিশ্বকাপের সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩৩৯ রানের টার্গেট তাড়া করে ভারত জয় পায় যা নারী ক্রিকেট ইতিহাসে রেকর্ড।
সেই ম্যাচে জেমিমা খেলেন ১৩৪ বলে ১২৭ রানের দুর্দান্ত ইনিংস, ১৪টি চারের মার সমৃদ্ধ। তার নায়কোচিত ইনিংসেই ফাইনালে জায়গা করে নেয় ভারত।
জেমিমা যেমন দলের ‘গেম চেঞ্জার’, তেমনি জেড এখন ভারতীয় দলের ভালোবাসার প্রতীক একজন অনন্য “১২তম সদস্য” হিসেবে!
আরটিভি/এসকে




