
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করেছে নারী ক্রিকেটারদের জন্য। সম্প্রতি নারী ক্রিকেট বিভাগের নতুন পরিচালক হিসেবে দায়িত্ব নেওয়া আব্দুর রাজ্জাক দায়িত্ব গ্রহণের পরই নারী ক্রিকেটারদের বেতন বৃদ্ধির ঘোষণা দিয়েছিলেন। সেই প্রতিশ্রুতির ধারাবাহিকতায় গত ৩ নভেম্বর বিসিবির সভায় বেতন বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়।
বেতন বৃদ্ধির এই সিদ্ধান্ত কার্যকর হবে চলতি বছরের জুলাই মাস থেকে, যদিও আনুষ্ঠানিক ঘোষণা এল নভেম্বরে। এ কারণে নারী ক্রিকেটাররা গত জুলাই থেকে বেতন পাননি। তবে জানা গেছে, তারা দ্রুতই চার মাসের বকেয়া বেতন ও এরিয়ার বিলসহ সব পাওনা পেয়ে যাবেন।
এবারের কেন্দ্রীয় চুক্তিতে ৫১ জন নারী ক্রিকেটার অন্তর্ভুক্ত হয়েছেন। এর মধ্যে ১৫ জন জাতীয় দলের সদস্য, বাকি ৩৬ জন অন্যান্য চুক্তিভুক্ত খেলোয়াড়।
নতুন বেতন কাঠামোয় নারী ক্রিকেটারদের সর্বোচ্চ বেতন নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬০ হাজার টাকা, যা আগের তুলনায় ৪০ হাজার টাকা বেশি। সর্বনিম্ন বেতন ধরা হয়েছে ৮০ হাজার টাকা।
চার ক্যাটাগরিতে ভাগ করা নতুন চুক্তির কাঠামোটি হলো—
নতুন চুক্তিতে ‘এ’ ক্যাটাগরিতে জায়গা পেয়েছেন তিন ক্রিকেটার–নিগার সুলতানা জ্যোতি, নাহিদা আক্তার ও শারমিন আক্তার সুপ্তা।
‘বি’ ক্যাটাগরিতে রয়েছেন– ফারজানা হক পিংকি, রিতু মনি, ফাহিমা খাতুন, মারুফা আক্তার, রাবেয়া খান ও সোবহানা মোস্তারি।
‘সি’ ক্যাটাগরিতে ক্রিকেটার একজনই– স্বর্ণা আক্তার।
‘ডি’ ক্যাটাগরিতে – সুমাইয়া আক্তার, ফারিহা ইসলাম তৃষ্ণা, রুবাইয়া হায়দার ঝিলিক, সানজিদা আক্তার মেঘলা এবং নিশিতা আক্তার নিশি।
এছাড়া জাতীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের বেতন আগের মতোই ৩০ হাজার টাকা সহ-অধিনায়ককে ২০ হাজার টাকা সম্মানী দেওয়া হবে। নতুন বেতন কাঠামো কার্যকর হবে গত জুলাই মাস থেকে আর আগামী বছরের জুন পর্যন্ত এই কাঠামো চালু থাকবে। তবে জাতীয় দলে নতুন করে কেউ ডাক পেলে তারা মাসে ৬০ হাজার টাকা করে বেতন পাবেন।
আরটিভি/এসকে




