
প্রথমবারের মতো নারী কাবাডি বিশ্বকাপ আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ। তবে টুর্নামেন্ট শুরুর ঠিক আগমুহূর্তে অংশগ্রহণকারী তালিকা থেকে সরে দাঁড়িয়েছে আর্জেন্টিনা। ফলে এবারের বিশ্বকাপে দল কমে দাঁড়িয়েছে ১২টি।
বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক এসএম নেওয়াজ সোহাগ জানান, আন্তর্জাতিক কাবাডি ফেডারেশন (আইকেএফ) থেকে তাদের জানানো হয়েছে আর্জেন্টিনা নারী বিশ্বকাপে অংশ নিচ্ছে না। তিনি বলেন, ‘স্বাগতিক হিসেবে আমরা আবাসন ও অন্যান্য সুযোগ-সুবিধার ব্যবস্থা করছি। যাতায়াতের বিষয়টি আন্তর্জাতিক কাবাডি ফেডারেশনের। হয়তো আইকেএফ ও আর্জেন্টিনার মধ্যে কোনো বিষয়ে সমন্বয় হয়নি। এর বাইরে আমাদের কাছে অতিরিক্ত তথ্য নেই।’

আর্জেন্টিনা বাদ পড়ায় এবার মোট ১২টি দল অংশ নেবে নারী কাবাডি বিশ্বকাপে। দেশগুলো হচ্ছে, বাংলাদেশ, ভারত, চাইনিজ তাইপে, জার্মানি, হল্যান্ড, ইরান, জাপান, কেনিয়া, দক্ষিণ কোরিয়া, নেপাল, থাইল্যান্ড, উগান্ডা এবং জাঞ্জিবার। ইতোমধ্যে জাঞ্জিবার দল ঢাকায় পৌঁছেছে এবং আরও দুটি দল আজ রাতে পৌঁছানোর কথা রয়েছে।
এর আগে আর্জেন্টিনা নারী দল না এলেও আর্জেন্টিনার পুরুষ দল বাংলাদেশ কাবাডি ফেডারেশনের আমন্ত্রণমূলক পুরুষ কাবাডি টুর্নামেন্টে অংশ নিয়েছিল।
উদ্বোধনের তারিখেও পরিবর্তন এসেছে। আগে ১৫ নভেম্বর শুরুর ঘোষণা দেওয়া হলেও সর্বশেষ বিজ্ঞপ্তিতে টুর্নামেন্ট শুরুর দিন পিছিয়ে ১৭ নভেম্বর নির্ধারণ করা হয়েছে। নারী কাবাডি বিশ্বকাপের মূল ভেন্যু পল্টনে কাবাডি স্টেডিয়াম হলেও খেলা অনুষ্ঠিত হবে মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে।
আরটিভি/এসকে




