
ভারতের ৭০ বছরের রোশনি দেবী সাংওয়ান অনেকের কাছেই পরিচিত ‘ওয়েটলিফটার মমি’ হিসেবে। বয়সকে উপেক্ষা করে এখনো নিয়মিত ভারোত্তোলন করছেন তিনি। তার প্রমাণ— ইন্সটাগ্রামে ভাইরাল ভিডিও, যেখানে তাকে ১০৫ কেজি ওজন দিয়ে ডেডলিফট করতে দেখা যায়।
সম্প্রতি রানভীর আল্লাহবাদিয়ার একটি পডকাস্টে তিনি জানিয়েছেন, সুস্থ ও শক্তিশালী থাকার রহস্য কোনো জটিল বা দামি ডায়েটে নয়, বরং একেবারে ঘরোয়া নিরামিষ খাবারে।
রোশনি দেবীর ডায়েট পরিকল্পনা:
প্রি-ওয়ার্কআউট: ওটস, ১০টি বাদাম ও ১০টি কিশমিশ ব্লেন্ড করে তৈরি স্বাস্থ্যকর পানীয়।
লাঞ্চ: ভাত, ডাল, টাটকা সালাদ ও দই।

ডিনার: সন্ধ্যায় পনির ও কাঁচা লঙ্কা মেশানো মুগ ডালের চিলা।
ঘুমের আগে: এক গ্লাস গরম দুধ।
তার খাবারের উপকারিতা: ওটস শরীরে ধীরে শক্তি যোগায়, বাদাম ও কিশমিশ ব্যায়ামের আগে দ্রুত এনার্জি দেয়, ভাত ও ডাল শরীরের গ্লাইকোজেন ও প্রোটিনের চাহিদা পূরণ করে, সালাদ ও দই ভিটামিন ও প্রোবায়োটিক সরবরাহ করে, আর মুগ ডালের চিলা ও দুধ বয়স বাড়ার সঙ্গে সঙ্গে হাড়ের স্বাস্থ্য ভালো রাখে।
চ্যালেঞ্জ জয়ের গল্প: ৬৮ বছর বয়সে তার আর্থ্রাইটিস ধরা পড়ে। ব্যথা ও ফোলাভাব কমাতে ছেলে তাকে জিমে যেতে উৎসাহিত করেন। সেখান থেকেই শুরু হয় তার ফিটনেস যাত্রা। আজ তিনি শুধু নিজের স্বাস্থ্যই ফিরিয়ে আনেননি, বরং হয়ে উঠেছেন অনেকের অনুপ্রেরণা।
রোশনি দেবী বলেন, “বয়স নয়, মনটাই বড় হতে হবে। চেষ্টা থাকলে কিছুই অসম্ভব নয়।”
আরটিভি/এসকে




