
বাংলাদেশ ক্রিকেটের দুই নির্ভরযোগ্য নাম তামিম ইকবাল ও মুশফিকুর রহিম। দীর্ঘদিন জাতীয় দলে কাঁধে কাঁধ মিলিয়ে ব্যাট হাতে লড়াই করেছেন দুজন। মাঠে তাদের বোঝাপড়া ছিল অসাধারণ। বর্তমানে তামিম ইকবাল প্রায় অঘোষিত অবসরে আর মুশফিক সাদা বলের ক্রিকেট ছাড়লেও এখনো টেস্ট দলে নিয়মিত মুখ।
এই অভিনব পথচলার আরেক বড় অর্জনের সামনে দাঁড়িয়ে আছেন মুশফিকুর রহিম। দেশের প্রথম ক্রিকেটার হিসেবে তিনি ছুঁতে চলেছেন ১০০ টেস্টের মাইলফলক। বুধবার (১৯ নভেম্বর) মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে মাঠে নামলেই এই অনন্য অর্জন যোগ হবে তার ক্যারিয়ারে।
এই ঐতিহাসিক মুহূর্তকে সামনে রেখে সাবেক সতীর্থ ও দেশসেরা ওপেনার তামিম ইকবাল সামাজিক যোগাযোগমাধ্যমে দিয়েছেন এক আবেগঘন স্ট্যাটাস। সেখানে তামিম লিখেছেন, মুশফিক শুধু তার সতীর্থ নন, বরং বাংলাদেশের ক্রিকেটে পরিশ্রম, নিবেদন আর পেশাদারিত্বের এক জীবন্ত প্রতীক। দীর্ঘ পথচলায় মুশফিক যেভাবে নিজেকে শৃঙ্খলায় রেখেছেন এবং প্রতিটি ম্যাচে দলকে সেরাটা দেওয়ার চেষ্টা করেছেন, সেটি নবীন ক্রিকেটারদের জন্যও প্রেরণাদায়ক।
তামিম আরও উল্লেখ করেন, মুশফিকের ১০০ টেস্টের এই অর্জন কেবল ব্যক্তিগত সাফল্য নয়, বরং বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে এক বিশাল মাইলফলক। তিনি মুশফিকের ভবিষ্যতের জন্য শুভকামনা জানিয়ে বলেন দল, দেশ ও ভক্তদের জন্য আরও অনেক স্মরণীয় ইনিংস উপহার দেবেন মুশফিক।
বাংলাদেশ ক্রিকেটের এই দুই তারকার আবেগঘন মুহূর্তে শুভকামনায় ভাসছে সমর্থকরাও। ১০০তম টেস্টকে ঘিরে মিরপুরে ইতোমধ্যে তৈরি হয়েছে উৎসবের আবহ।
আরটিভি/এসকে




