
জাতীয় স্টেডিয়ামের ব্যস্ততা যেন শেষই হচ্ছে না। কয়েকদিন আগে আর্চার ও বাংলাদেশ ফুটবল দলের দখলে ছিল স্টেডিয়ামটি। এবার একই ভেন্যুতে মাঠে নামার অপেক্ষায় রয়েছে রাগবি খেলোয়াড়রা। আগামী ২৩ ও ২৪ নভেম্বর জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ-নেপাল দুই ম্যাচের সিরিজ আয়োজন করেছে রাগবি ফেডারেশন।
২৬ নভেম্বর-২ ডিসেম্বর বাংলাদেশ, মালয়েশিয়া ও আজারবাইজান নারী দল নিয়ে ত্রিদেশীয় সিরিজ আয়োজন করছে বাফুফে। ত্রিদেশীয় সিরিজের আগে দলগুলোর অনুশীলন এবং সিরিজ ব্যবস্থাপনায় সময় প্রয়োজন।
এজন্য বাফুফে সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক বরাবর রাগবি আন্তর্জাতিক সিরিজ জাতীয় স্টেডিয়ামে বরাদ্দ না দেয়ার অনুরোধ করেছিলেন। জাতীয় ক্রীড়া পরিষদ বাফুফের সেই অনুরোধ গ্রহণ করেনি।
জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক নজরুল ইসলাম বলেন, জাতীয় স্টেডিয়ামে বাফুফে ও অ্যাথলেটিক্স ব্যবহার করলেও আমরা প্রয়োজনে অন্য খেলাকেও এখানে বরাদ্দ করে থাকি।
‘রাগবির সিরিজটি আন্তর্জাতিক ও গুরুত্বপূর্ণ বিধায় এখানে বরাদ্দ দেওয়া হয়েছে। এখন পর্যন্ত এমনই সিদ্ধান্ত জাতীয় স্টেডিয়ামে ২৩ ও ২৪ নভেম্বর আন্তর্জাতিক রাগবি অনুষ্ঠিত হবে।’
জাতীয় স্টেডিয়ামে মূলত ফুটবল ও অ্যাথলেটিক্সের জন্য ব্যবহৃত। বিশেষ প্রয়োজনে মাঝে মধ্যে আরচ্যারি, সাইক্লিংয়ের জাতীয়-আন্তর্জাতিক খেলা এই ভেন্যুতে হয়েছে। অনেক আগে কুস্তিও হয়েছে। এবার হতে যাচ্ছে রাগবি। এক সময় ক্রিকেটও হয়েছে এই স্টেডিয়ামে।
আরটিভি/এসআর




