
বর্তমানে বিশ্বসেরা আম্পায়ারদের তালিকায় রয়েছেন বাংলাদেশের শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। বিশ্বকাপ, অ্যাশেজ, বর্ডার-গাভাস্কার ট্রফি ও অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফির মতো মর্যাদাপূর্ণ সিরিজে ধারাবাহিকভাবে দায়িত্ব পালন করে নিজের সক্ষমতার প্রমাণ দিয়েছেন। আসন্ন বিপিএলেও দেখা যাবে শরফুদ্দৌলা।
অনেকের মনে প্রশ্ন জেগেছে বিপিএলে ম্যাচ প্রতি কত টাকা পারিশ্রমিক পাবেন তিনি। জানা গেছে, এবারের বিপিএলে ম্যাচপ্রতি ২ হাজার ৫০০ মার্কিন ডলার পারিশ্রমিক পাবেন শরফুদ্দৌলা। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ দাঁড়ায় প্রায় ২ লাখ ৪৩ হাজার টাকারও বেশি।
উল্লেখ্য, গত আসরে তিনি ম্যাচপ্রতি ২ হাজার ডলার করে পারিশ্রমিক পেয়েছিলেন। এলিট প্যানেলে যুক্ত হওয়ায় এবার তার সম্মানীর অংকটাও বেড়েছে।
ক্রিকেট সংশ্লিষ্টরা মনে করছেন, এই পারিশ্রমিক সৈকতের দীর্ঘদিনের পরিশ্রম ও অর্জনেরই স্বীকৃতি। তিনি শুধু দেশসেরা আম্পায়ারই নন, আইসিসির এলিট প্যানেলে থেকে বিসিবিকে নতুন আম্পায়ার গড়ে তোলার কাজেও সাহায্য করছেন।
সব মিলিয়ে বাংলাদেশের আম্পায়ারিং বিভাগে সৈকত এখন এক অমূল্য সম্পদ। আগামী ২৬ ডিসেম্বর সিলেটে পর্দা উঠবে বিপিএলের নতুন মৌসুমের, যেখানে আবারও মাঠের নিয়ন্ত্রণে দেখা যাবে এই অভিজ্ঞ আম্পায়ারকে।
আরটিভি/এসআর




