বিপিএলে চট্টগ্রাম রয়্যালসের মালিকানা নিলো বিসিবি

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫ , ০১:৩৯ পিএম


বিপিএলে চট্টগ্রাম রয়্যালসের মালিকানা নিলো বিসিবি
ছবি: সংগৃহীত

বিপিএলের দ্বাদশ আসর শুরুর আগের দিনেই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মুখে পড়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আর্থিক সংকটের কারণে চট্টগ্রাম রয়্যালস ফ্র্যাঞ্চাইজির মালিকানা ছেড়ে দিয়েছে মালিকপক্ষ। ফলে দলটির সম্পূর্ণ দায়িত্ব বুঝে নিয়েছে বিসিবি।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে বিসিবিকে পাঠানো এক চিঠিতে চট্টগ্রাম রয়্যালসের মালিক কাইয়ুম রশিদ মালিকানা বজায় রাখতে অক্ষমতার কথা জানান। একই সঙ্গে বিসিবির কাছে দলটির দায়িত্ব নেওয়ার অনুরোধ করা হয়। পরে বিপিএলের কর্মকর্তারা চট্টগ্রাম দলের সিনিয়র ক্রিকেটার ও কোচিং স্টাফের সঙ্গে বৈঠক করে মালিকানা বুঝে নেওয়ার সিদ্ধান্ত নেন। ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন বৈঠকে উপস্থিত কোচিং স্টাফের এক সদস্য।

এ সিদ্ধান্তের ফলে এখন থেকে চট্টগ্রাম রয়্যালসের সার্বিক কার্যক্রম পরিচালনা করবে বিসিবি। ইতোমধ্যে বিদেশি ক্রিকেটার অন্তর্ভুক্তির প্রক্রিয়াও শুরু করেছে বোর্ড। বিসিবির দায়িত্ব নেওয়ার খবরে স্বস্তি প্রকাশ করেছেন দলের খেলোয়াড়রা। এর আগে বিভিন্ন অনিয়ম ও আর্থিক জটিলতায় মালিকপক্ষ সমালোচিত ছিল।

বিজ্ঞাপন

আগামীকাল (২৬ ডিসেম্বর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বিপিএলের পর্দা উঠছে। উদ্বোধনী দিনেই দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে। দিনের দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা ৭টায় নোয়াখালী এক্সপ্রেসের মুখোমুখি হবে চট্টগ্রাম রয়্যালস। তবে ম্যাচের আগমুহূর্তেও দলটি সব সরঞ্জাম বুঝে পায়নি বলে জানা গেছে। এছাড়া প্রধান কোচ হিসেবে নিয়োগ পাওয়া দক্ষিণ আফ্রিকার জাস্টিন মাইলস কবে ক্যাম্পে যোগ দেবেন, তা এখনও নিশ্চিত নয়।

এরই মধ্যে চট্টগ্রাম রয়্যালসের তিন বিদেশি ক্রিকেটার, পাকিস্তানের আবরার আহমেদ, আয়ারল্যান্ডের পল স্টার্লিং ও শ্রীলঙ্কার নিরোশান ডিকভেলা টুর্নামেন্ট থেকে নিজেদের নাম প্রত্যাহার করেছেন। পারিশ্রমিক না পাওয়াই এর মূল কারণ বলে জানা গেছে। নিয়ম অনুযায়ী, টুর্নামেন্ট শুরুর আগে ক্রিকেটারদের ২৫ শতাংশ পারিশ্রমিক দেওয়ার কথা থাকলেও চট্টগ্রাম রয়্যালস সেই শর্ত পূরণ করতে পারেনি। এমনকি ব্যাংক গ্যারান্টির পূর্ণ অর্থও জমা দেওয়া হয়নি বলে অভিযোগ রয়েছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

উল্লেখ্য, চলতি আসরের খেলোয়াড় নিলামে সর্বোচ্চ ১ কোটি ১০ লাখ টাকায় নাঈম শেখকে দলে ভিড়িয়ে আলোচনায় আসে চট্টগ্রাম রয়্যালস। তবে আসর শুরুর আগেই এমন বিপর্যয়ে পড়ে ফ্র্যাঞ্চাইজিটি, যা বিসিবির জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission