
সিলেট পর্ব দিয়ে আগামীকাল মাঠে গড়াবে বিপিএলের ১২তম আসর। তার আগ মুহূর্তে ফ্র্যাঞ্চাইজিটির মালিকানা প্রত্যাহার করে বিসিবিকে চিঠি দিয়েছে ট্রায়াঙ্গেল গ্রুপ। এরপরই চট্টগ্রামের দায়িত্ব বুঝে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবির এমন সিদ্ধান্তে খুশি হয়েছেন দলের ক্রিকেটাররা।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) চট্টগ্রামের মালিকানা নেওয়া পরই প্রধান কোচ হিসেবে মিজানুর রহমান বাবুলকে এবং টিম ডিরেক্টর পদে হাবিবুল বাশার সুমন দায়িত্ব দিয়েছে বিসিবি।
দায়িত্ব নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন হাবিবুল বাশার। তিনি বলেন, সব কাজই কঠিন, কোন কাজই সহজ নয়। একদম কালকে খেলা আজকে আমি ওদের সঙ্গে যোগ দিলাম। অবশ্যই, এটা চ্যালেঞ্জিং এবং বিপিএলে নিজেই একটা চ্যালেঞ্জ, বিগ চ্যালেঞ্জ। যদিও সময় কম কিন্তু এটুকু সময়ের মধ্যে যতটুকু করা সম্ভব সেটুকু চেষ্টা করছি। বিদেশি খেলোয়াড় দুজন এসেছেন, দুজন খেলবেন। বাকিদের সঙ্গে আমি যোগাযোগ শুরু করেছি।
হাবিবুল বাশার বলেন, কালকের ম্যাচে পাব না আশা করছি তারপরের ম্যাচ থেকে হয়তো চলে আসবে, যাদের সঙ্গে আমরা যোগাযোগ করেছি। আমার মনে হয় খেলোয়াড়রা এখন কমফোর্ট জোনে আছে। তারা কমফোর্ট ফিল করছে।
তিনি আরও বলেন, আমি সবার সঙ্গে কথা বললাম, প্রত্যেকেই খুশি। অন্তত তারা এখন একটা ভালো ম্যানেজমেন্টের সঙ্গে কাজ করতে পারবে, খেলতে পারবে, তাদের আর অন্য কিছু নিয়ে চিন্তা করতে হবে না। খেলোয়াড়দের দিক থেকে তারা খুব খুশি।
চট্টগ্রাম রয়েলসের স্কোয়াড
সরাসরি চুক্তি— শেখ মেহেদী, তানভীর ইসলাম, মির্জা তাহির বাগ, ক্যামেরন ডেলপোর্ট এবং কামরান গুলাম।
নিলাম থেকে— নাইম শেখ, শরিফুল ইসলাম, মাহমুদুল হাসান জয়, আবু হায়দার রনি, মাহফিজুল ইসলাম রবিন, সুমন খান, জিয়াউর রহমান, আরাফাত সানি, মুকিদুল ইসলাম মুগ্ধ, শুভাগত হোম চৌধুরি, সালমান হোসেন, জাহিদুজ্জামান খান সাগর।
আরটিভি/এসআর




