
সিলেট পর্ব দিয়ে মাঠে গড়িয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম আসর। এবার প্রতিটি দলেই রয়েছে পাকিস্তানি ক্রিকেটার। তবে বিপিএলের মাঝেই বাংলাদেশ ছাড়তে হবে বেশ কয়েকজন পাকিস্তানি ক্রিকেটারকে। কারণ, আসন্ন শ্রীলঙ্কা সিরিজের স্কোয়াডে ডাক পেয়েছেন তারা।
আগামী ৭, ৯ ও ১১ জানুয়ারি ডাম্বুলায় তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে পাকিস্তান। এই সিরিজের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করা হয়েছে।
যেখানে বর্তমানে বিপিএলে খেলছেন সাতজন পাকিস্তানি ক্রিকেটার। তারা হলেন- ফাহিম আশরাফ (রংপুর রাইডার্স), খাজা নাফে (রংপুর রাইডার্স), মোহাম্মদ নেওয়াজ (রাজশাহী ওয়ারিয়র্স), মোহাম্মদ সালমান মির্জা (ঢাকা ক্যাপিটালস), শাহেবজাদা ফারহান (রাজশাহী ওয়ারিয়র্স), সাইম আইয়ুব (সিলেট টাইটান্স) ও উসমান খান (ঢাকা ক্যাপিটালস)।
নতুন ডাক পাওয়া উইকেটরক্ষক ব্যাটার খাজা নাফে এই সিরিজে পাকিস্তান দলে প্রথমবার ডাক পেয়েছেন। বিপিএলে তিনি এখনও মাঠে নামেননি, তবে ২৯ ডিসেম্বর রংপুর রাইডার্সের হয়ে প্রথমবার দেখা যেতে পারে। আর অলরাউন্ডার শাদাব খান প্রায় ছয় মাস পর জাতীয় দলে ফিরেছেন।
তবে সাবেক টি-টোয়েন্টি অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি ও পেসার হারিস রউফ শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের স্কোয়াডে নেই। পাকিস্তানের পেস আক্রমণ সাজানো হয়েছে নাসিম শাহ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র ও সালমান মির্জার ওপর। এই সিরিজের পারফরম্যান্সের ভিত্তিতে ফেব্রুয়ারি-মার্চে হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের দল চূড়ান্ত করা হবে।
পাকিস্তানের স্কোয়াড: সালমান আলি আগা (অধিনায়ক), আবদুল সামাদ, আবরার আহমেদ, ফাহিম আশরাফ, ফখর জামান, খাজা নাফে (উইকেটরক্ষক), মোহাম্মদ নেওয়াজ, মোহাম্মদ সালমান মির্জা, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, নাসিম শাহ, শাহিবজাদা ফারহান (উইকেটরক্ষক), সাইম আইয়ুব, শাদাব খান, উসমান খান (উইকেটরক্ষক) ও উসমান তারিক।
আরটিভি/এসআর




