
চলমান বিপিএলে হারের বৃত্তে আটকে পড়েছে নোয়াখালী এক্সপ্রেস। প্রথম জয়ের খোঁজে নিজেদের সপ্তম ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষে মাঠে নেমেছে তারা। আগে ব্যাট করতে নেমে রংপুরকে ১৪৯ রানের সহজ লক্ষ্য দিয়েছে নোয়াখালী এক্সপ্রেস।
শুক্রবার (৯ জানুয়ারি) টস হেরে ব্যাট করতে নেমে প্রথম দুই ওভারে ২৫ রান তুলে শুরুটা ভালোই করেছিল নোয়াখালী। কিন্তু ইনিংস বড় করতে পারেননি শাহাদাত হোসেন। ৮ বলে ১৪ রান করেন তিনি। তিনে ব্যাট করতে নেমে দ্রুত রান তুলতে থাকেন হাবিবুর রহমান সোহান।
কিন্তু ১৬ বলে ৩০ রান করে ক্যাচ আউট হন তিনি। ২৭ বলে ৩১ রান করে তাকে সঙ্গ দেন আরেক ওপেনার সৌম্য সরকার। এরপর নবী ডাক আউট এবং হায়দার আলী ১ রান করে ফিরলে ছন্দ হারায় নোয়াখালী। কিন্তু এক প্রান্ত আগলে রেখে লড়াই করতে থাকেন জাকের আলী।
১৯তম ওভারে মোস্তাফিজকে উড়িয়ে মারতে গিয়ে বাউন্ডারি লাইনে কাটা পড়েন জাকের। ৩৭ বলে ৩৮ রান করেন তিনি। পরের বলেই ডাক আউট হন মেহেদী রানা।
২০তম ওভারের দ্বিতীয় বলে আউট হন মাহিদুল ইসলাম অঙ্কন। মৃত্যুঞ্জয় চৌধুরীর বলে ক্যাচ আউট হন ২১ বলে ২৮ রান করা এই ব্যাটার। পরের দুই বলে জহির খান ও বিলাল সামিকে তুলে নিয়ে হ্যাটট্রিক তুলে নোয়াখালীকে ১৪৮ রানে অলআউট করেন এই বাঁ-হাতি পেসার।
রংপুরের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট শিকার করেন মোস্তাফিজুর রহমান ও মৃত্যুঞ্জয় চৌধুরী। এ ছাড়াও খুশদিল শাহ দুটি, সুফিয়ান মুকিম ও নাহিদ রানা নেন একটি করে উইকেট।
আরটিভি/এসআর


