
২০২৬ ফিফা বিশ্বকাপকে সামনে রেখে শুরু হয়েছে বহুল প্রতীক্ষিত ‘ফিফা বিশ্বকাপ ট্রফি ট্যুর বাই কোকা-কোলা’। ষষ্ঠ এই বৈশ্বিক ট্রফি ট্যুরের প্রথম গন্তব্য হয়েছে সৌদি আরবের রাজধানী রিয়াদ। গত ৩ জানুয়ারি থেকে শুরু হওয়া এই আয়োজনের মাধ্যমে আসল ফিফা বিশ্বকাপ ট্রফি পৌঁছে যায় রিয়াদে।
বিশেষ বিমানে করে ট্রফিটি সৌদি আরবে নিয়ে আসেন ফিফা লেজেন্ড ও ইতালির সাবেক তারকা আলেসান্দ্রো ডেল পিয়েরো। শনিবার রিয়াদের বিমানবন্দরেই আনুষ্ঠানিকভাবে ট্রফি উন্মোচন করেন তিনি। এরপর শিশুদের জন্য আয়োজিত একটি ফুটবল ক্লিনিকে অংশ নেন ডেল পিয়েরো। সেখানে তিনি ছোটদের সঙ্গে খেলেন, নিজের অভিজ্ঞতা ভাগাভাগি করেন এবং বিভিন্ন মাঠভিত্তিক কার্যক্রমে যুক্ত হন।
পরে উৎসবের মূল আয়োজন স্থানান্তরিত হয় রিয়াদের একটি বড় শপিং মলে। সেখানে শত শত ফুটবলপ্রেমী সরাসরি ফিফা বিশ্বকাপ ট্রফি দেখার সুযোগ পান এবং স্মরণীয় মুহূর্ত উপভোগ করেন।
ফিফার তথ্যমতে, আসল বিশ্বকাপ ট্রফিটি ১৫০ দিনের বেশি সময় ধরে ৭৫টি স্টপে ৩০টি ফিফা সদস্য দেশ ঘুরে বেড়াবে। এই ট্যুরে বিশ্বজুড়ে লাখো ফুটবলভক্তের সামনে ফুটবলের সবচেয়ে মূল্যবান এই পুরস্কারটি প্রদর্শিত হবে।
বাংলাদেশের সমর্থকদের জন্যও রয়েছে দারুণ সুখবর। বৈশ্বিক ট্রফি ট্যুরের অংশ হিসেবে আগামী ১৪ জানুয়ারি ঢাকায় আসছে ফিফা বিশ্বকাপ ট্রফি। সেদিন দেশের ফুটবলপ্রেমীরা ট্রফিটি কাছ থেকে দেখা ও ছবি তোলার সুযোগ পাবেন।
উল্লেখ্য, ২০২৬ ফিফা বিশ্বকাপ প্রথমবারের মতো তিনটি দেশ যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো-যৌথভাবে আয়োজন করছে। আগামী ১১ জুন পর্দা উঠবে এই মহাযজ্ঞের, যা চলবে ১৯ জুলাই পর্যন্ত।
বিশ্বকাপকে সামনে রেখে বাংলাদেশে আয়োজনকে আরও আকর্ষণীয় করতে কোকা-কোলা চালু করেছে ‘আন্ডার দ্য ক্যাপ’ নামের একটি ইন্টারঅ্যাকটিভ ক্যাম্পেইন। এই ক্যাম্পেইনের মাধ্যমে ভক্তরা ট্রফি দেখার টিকিট ও ট্রফির সঙ্গে ছবি তোলার সুযোগ জিততে পারবেন।
অংশ নিতে হলে এক লিটার কোকা-কোলার প্রোমো প্যাক কিনে বোতলের লেবেলে থাকা কিউআর কোড স্ক্যান করতে হবে। এরপর নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে ক্যাপের নিচে থাকা ইউনিক কোড জমা দিয়ে বিশ্বকাপ-বিষয়ক একটি কুইজের সঠিক উত্তর দিতে হবে। প্রতি ঘণ্টায় দ্রুততম সঠিক উত্তরদাতারা ট্রফি দেখার টিকিট জিতবেন।
এই ক্যাম্পেইন শুরু হয়েছে ২০২৫ সালের ১৫ নভেম্বর এবং চলবে ২০২৬ সালের ৮ জানুয়ারি পর্যন্ত। প্রতি ৯০ মিনিটে একবার বিজয়ী হওয়ার সুযোগ থাকছে।
আরটিভি/এসকে


