আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। রাজনৈতিক অঙ্গনের পাশাপাশি এবারের নির্বাচনে বিশেষ আলোচনায় উঠে এসেছেন ক্রীড়াঙ্গনের তারকা ও ক্রীড়া সংগঠকরা। খেলাধুলার মাঠে পরিচিত মুখগুলো এবার ভাগ্য পরীক্ষা করছেন ভোটের রাজনীতিতে।
নির্বাচনকে সামনে রেখে বিএনপির মনোনয়ন পেয়েছেন ২৮ জন ক্রীড়াবিদ ও ক্রীড়া সংগঠক। পাশাপাশি বিএনপির বাইরে আরও দুজন ক্রীড়া ব্যক্তিত্ব বিভিন্ন আসনে প্রার্থী হয়েছেন।
বিএনপির মনোনয়ন পাওয়া ক্রীড়াবিদদের মধ্যে উল্লেখযোগ্য দুই তারকা হলেন সাবেক ফুটবলার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম ও সাবেক জাতীয় দলের গোলরক্ষক আমিনুল হক। হাফিজ উদ্দিন ভোলা-৩ এবং আমিনুল হক ঢাকা-১৬ আসন থেকে ধানের শীষ প্রতীকে নির্বাচন করছেন।
ক্রীড়া সংগঠকদের মধ্যেও রয়েছেন পরিচিত নাম। মোহামেডান স্পোর্টিং ক্লাবের গভর্নিং বডির সাবেক সদস্য সচিব ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁও-১ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক ক্রীড়া প্রতিমন্ত্রী মির্জা আব্বাস নির্বাচন করছেন ঢাকা-৮ আসন থেকে।
এছাড়া বিভিন্ন আসনে নির্বাচন করছেন, মোহামেডান গভর্নিং বডির সাবেক সদস্য সচিব মনিরুল হক চৌধুরী (কুমিল্লা-৬), বিসিবি ও ঢাকা আবাহনীর সাবেক পরিচালক আলী আসগর লবি (খুলনা-৫), ঢাকা মোহামেডানের সাবেক সহসভাপতি শরিফুল আলম (কিশোরগঞ্জ-৬), মোহামেডান ক্লাবের সাবেক পরিচালক জয়নাল আবেদীন ফারুক (নোয়াখালী-২), ভিক্টোরিয়া ক্লাবের সভাপতি ও ডাকসুর সাবেক জিএস খায়রুল কবির খোকন (নরসিংদী-১)।
আবাহনীর প্রতিষ্ঠাকালীন সদস্য ও সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু নির্বাচন করছেন সিরাজগঞ্জ-২ আসন থেকে। ঢাকার সাবেক মেয়র ও সাবেক ক্রীড়া প্রতিমন্ত্রী প্রয়াত সাদেক হোসেন খোকার ছেলে, ব্রাদার্স ইউনিয়ন ক্লাবের সভাপতি ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন প্রতিদ্বন্দ্বিতা করছেন ঢাকা-৬ আসনে।
এছাড়া সাবেক ক্রীড়া সংগঠকদের সন্তানরাও পেয়েছেন বিএনপির মনোনয়ন। তাদের মধ্যে রয়েছেন, ওয়ারী ক্লাবের আজীবন সদস্য প্রয়াত হারুনুর রশিদ মুন্নুর মেয়ে আফরোজা খান রিতা (মানিকগঞ্জ-৩), ঢাকা আবাহনীর সাবেক সভাপতি প্রয়াত শামসুল ইসলাম খানের ছেলে মনিরুল ইসলাম খান (মানিকগঞ্জ-২), মোহামেডান ও বিসিবির সাবেক চেয়ারম্যান প্রয়াত জাহেদ আলী চৌধুরীর ছেলে ফাহিম চৌধুরী (শেরপুর-২) এবং সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী প্রয়াত ফজলুর রহমান পটলের মেয়ে ফারজানা শারমিন (নাটোর-১)।
বিএনপির বাইরে এবারের নির্বাচনে অংশ নিচ্ছেন বাফুফের সাবেক সভাপতি ও এলডিপি সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ, যিনি চট্টগ্রাম-১৪ আসনে ১০ দলীয় জোটের প্রার্থী। অন্যদিকে সাবেক তারকা ফুটবলার সাজ্জাদ হোসেন লাভলু সিদ্দিকী মাদারীপুর-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
সব মিলিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে ক্রীড়াঙ্গনের পরিচিত মুখগুলোর অংশগ্রহণ ভোটের রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
আরটিভি/এসকে




