কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপের জন্য ডাক পেলেন ৩২ টিটি তারকা

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

রোববার, ১৫ মার্চ ২০২৬ , ০২:২৭ পিএম


কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপের জন্য ডাক পেলেন ৩২ টিটি তারকা
ছবি: সংগৃহীত

আসন্ন কমনওয়েলথ টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ- ২০২৬ উপলক্ষ্যে জাতীয় দলের প্রাথমিক ট্রায়ালের জন্য ৩২ জন খেলোয়াড়কে ডেকেছে বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশন (বিটিটিএফ)। 

বিজ্ঞাপন

আগামী ১৭-২১ জুলাই ভারতের নয়া দিল্লিতে অনুষ্ঠিতব্য এই আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের লক্ষ্যেই জাতীয় দলের প্রস্তুতি কার্যক্রম শুরু হয়েছে।

আগামী ১৪ এপ্রিল রাজধানীর শহীদ তাজউদ্দিন ইনডোর স্টেডিয়ামে জাতীয় দলের এই সিলেকশন ট্রায়াল অনুষ্ঠিত হবে। চার দিনব্যাপী এই প্রতিযোগিতায় পুরুষ ও নারী বিভাগের শীর্ষ ১৬ জন করে মোট ৩২ জন খেলোয়াড় অংশগ্রহণ করবেন।

বিজ্ঞাপন

লীগ পদ্ধতিতে অনুষ্ঠিত এই সিলেকশন ট্রায়াল থেকে উভয় বিভাগে শীর্ষ ৬ জন করে মোট ১২ জন খেলোয়াড়কে নিয়ে প্রায় আড়াই মাসের বিশেষ প্রশিক্ষণ ক্যাম্প আয়োজন করবে বিটিটিএফ। প্রশিক্ষণ শেষে ৫ সদস্যের একটি করে পুরুষ এবং নারী দল কমনওয়েলথ টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণের জন্য নির্বাচন করা হবে।

আরও পড়ুন

প্রশিক্ষণ ক্যাম্পের মান উন্নয়নের লক্ষ্যে ভারতীয় একজন কোচের সাথে যোগাযোগ করা হচ্ছে। শর্তাবলি চূড়ান্ত হলে আগামী এপ্রিল থেকেই কমনওয়েলথ মিশনের প্রস্তুতি শুরু হবে।

বিজ্ঞাপন

বিটিটিএফের সাধারণ সম্পাদক ক্যাপ্টেন এ এম মাকসুদ আহমেদ সনেট বলেন, ‘অ্যাডহক কমিটি দায়িত্ব নেওয়ার পর থেকেই জাতীয় দল গঠনের ক্ষেত্রে আমরা ট্রেইন অ্যান্ড টেস্ট বা সিলেকশন লীগ পদ্ধতি অনুসরণের কথা বলে আসছি। এই পদ্ধতির ইতিবাচক ফল ইতোমধ্যে আমরা পেয়েছি। খেলোয়াড়দের ম্যাচ টেম্পারমেন্ট বৃদ্ধি এবং পারফরমেন্স অ্যাংকজাইটি কাটিয়ে ওঠার জন্য সিলেকশন প্রক্রিয়ার কোনো বিকল্প নেই।’

এদিকে, বাংলাদেশের জুনিয়র টেবিল টেনিস দল আগামী ৮-১১ এপ্রিল ভারতের শিমলাতে অনুষ্ঠিতব্য সাউথ এশিয়ান রিজিওনাল ইয়ুথ টেবিল টেনিস চ্যাম্পিয়ানশিপ ২০২৬-এ অংশগ্রহণ করবে। বর্তমানে খেলোয়াড়রা বিকেএসপিতে নিবিড় প্রশিক্ষণ চালিয়ে যাচ্ছে। 

খই খই সাই মারমা, রেশমী তঞ্চঙ্গ্যা, ঐশি রহমান, নাফিজ ইকবাল এবং জয় ইসলাম-এর জন্য এটি শেষ জুনিয়র টুর্নামেন্ট। শিমলা যাওয়ার আগে জুনিয়র দলের চার জন করে বালক এবং বালিকা এই কমনওয়েলথ সিলেকশন ক্যাম্পে খেলার সুযোগ পাবে। 

আরটিভি/এসআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission