ভারতীয় ক্রিকেটে নতুন করে বিতর্ক তৈরি করেছেন সাবেক ক্রিকেটার ও জনপ্রিয় ধারাভাষ্যকার লক্ষ্মণ শিবরামকৃষ্ণান। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এর বিরুদ্ধে বর্ণবৈষম্যের অভিযোগ তুলে ধারাভাষ্য থেকে অবসরের ঘোষণা দিয়েছেন তিনি।
শুক্রবার (২০ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে নিজের সিদ্ধান্তের কথা জানান ১৯৮৫ সালের বিশ্ব চ্যাম্পিয়নশিপজয়ী দলের এই সদস্য। দীর্ঘ ২৩ বছরের ধারাভাষ্য জীবনে প্রাপ্য সম্মান ও সুযোগ পাননি বলেই এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে উল্লেখ করেন তিনি।
নিজের পোস্টে শিবরামকৃষ্ণান লিখেছেন, গত ২৩ বছরে তাকে কখনো টস বা ম্যাচ প্রেজেন্টেশন পরিচালনার দায়িত্ব দেওয়া হয়নি। এমনকি রবি শাস্ত্রী কোচ থাকাকালেও নতুন ধারাভাষ্যকাররা এসব দায়িত্ব পেয়েছেন যা নিয়ে তিনি প্রশ্ন তোলেন।
পরে এক ভক্তের প্রশ্নের জবাবে তিনি সরাসরি বর্ণবৈষম্যের ইঙ্গিত দেন। তার এই অভিযোগ সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই তার অভিযোগের প্রতি সমর্থন জানিয়েছেন, আবার কেউ কেউ বিষয়টি নিয়ে সংশয় প্রকাশ করেছেন।
এদিকে এই ঘোষণায় বিস্ময় প্রকাশ করেছেন ভারতের তারকা স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। তিনি সামাজিক মাধ্যমে প্রতিক্রিয়া জানিয়ে লেখেন, ওহ না! এই আইপিএলে কেন নয়? যা শিবরামকৃষ্ণানের অবসরে তার হতাশারই প্রতিফলন।
১৯৮০ দশকে ভারতের হয়ে ৯টি টেস্ট ও ১৬টি ওয়ানডে ম্যাচ খেলেন শিবরামকৃষ্ণান। ১৯৮৪ সালে ইংল্যান্ডের বিপক্ষে ১২ উইকেট নিয়ে আলোচনায় আসেন তিনি। পরের বছর অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত বেংসন অ্যান্ড হেজেস বিশ্ব চ্যাম্পিয়নশিপ ১৯৮৫তে ভারতের শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ফাইনালে পাকিস্তানের বিপক্ষে নিয়ন্ত্রিত বোলিংয়ে দলকে জিততে সহায়তা করেন এবং পুরো টুর্নামেন্টে সর্বোচ্চ উইকেটশিকারি ছিলেন তিনি।
আরটিভি/এসকে



