রেফারিকে ‘কাপুরুষ’বলে লালকার্ড, বড় শাস্তির মুখে আর্জেন্টাইন তারকা

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

বুধবার, ১৫ এপ্রিল ২০২৬ , ০৮:১৭ পিএম


রেফারিকে ‘কাপুরুষ’বলে লালকার্ড, বড় শাস্তির মুখে আর্জেন্টাইন তারকা
ছবি: সংগৃহীত

আর্জেন্টিনার লিগ ফুটবলে রিভার প্লেটের বিপক্ষে ম্যাচে বিতর্কিত ঘটনার পর বড় শাস্তির মুখে পড়েছেন রেসিং ক্লাবের ডিফেন্ডার মার্কোস রোহো। ম্যাচে লাল কার্ড পাওয়ার পর রেফারিকে উদ্দেশ্য করে কড়া ভাষায় আক্রমণাত্মক মন্তব্য করার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।

রোববার (১২ এপ্রিল) রেসিং ক্লাব ও রিভার প্লেটের ম্যাচের শেষ দিকে রিভার প্লেটের লুকাস মার্টিনেজ কুয়ার্তাকে কনুই দিয়ে আঘাতের ঘটনায় ভিএআর পর্যালোচনার পর সরাসরি লাল কার্ড দেখান রেফারি সেবাস্তিয়ান জুনিনো। মাঠ ছাড়ার সময়ই ক্ষোভে ফেটে পড়েন রোহো।

ম্যাচ রিপোর্ট অনুযায়ী, তিনি রেফারিকে উদ্দেশ্য করে বলেন,“তোমাকে এখানে কে বসিয়েছে? তুমি একটা বিপর্যয়, তুমি একজন কাপুরুষ…” এবং এরপরও তিনি আরও আপত্তিকর ভাষা ব্যবহার করেন।

রিপোর্টে আরও উল্লেখ করা হয়েছে, মাঠ ছাড়ার সময়ও রোহো বারবার রেফারিকে অপমান করতে থাকেন। একই ম্যাচে অতিরিক্ত প্রতিবাদের কারণে রেসিং ক্লাবের সহকারী কোচ হোসে ফ্রান্সিসকো বার্সেও লাল কার্ড দেখেন।

এটি রোহোর ক্যারিয়ারের ষষ্ঠ লাল কার্ড। এর মধ্যে তিনটি এসেছে রিভার প্লেটের বিপক্ষে ম্যাচে। ধারাবাহিক এমন আচরণের কারণে ডিসিপ্লিনারি কমিটি তাকে একাধিক ম্যাচের জন্য নিষিদ্ধ করতে পারে বলে ধারণা করা হচ্ছে।

আরও পড়ুন

৩৬ বছর বয়সী এই ডিফেন্ডার আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে ৬৮ ম্যাচ খেলেছেন। তিনি ২০১৪ ও ২০১৮ বিশ্বকাপে দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। ২০১৮ বিশ্বকাপে নাইজেরিয়ার বিপক্ষে তার করা জয়সূচক গোল এখনও আর্জেন্টাইন সমর্থকদের স্মৃতিতে উজ্জ্বল।

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission