
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে যৌথভাবে আবারও ‘রবি বোলার হান্ট’ নামের দেশব্যাপী কর্মসূচি শুরু করেছে রবি। এই কার্যক্রমে মেয়েদের অংশগ্রহণ বাড়াতে অভিভাবকদের নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তা না করার আহ্বান জানিয়েছেন বিসিবি সভাপতি তামিম ইকবাল।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এবারের বোলার হান্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। নারী ও পুরুষ দুই বিভাগেই পেস ও স্পিনসহ সব ধরনের বোলার প্রতিভা দেখানোর সুযোগ পাবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে তামিম বলেন, ক্রিকেটে আগ্রহী মেয়েদের এই আয়োজনে পাঠাতে অভিভাবকদের কোনো ধরনের নিরাপত্তাজনিত সংশয়ে থাকার প্রয়োজন নেই। মেয়েদের জন্য আলাদা কোচিং প্যানেলের পাশাপাশি নিরাপত্তার বিষয়টিও গুরুত্ব দিয়ে দেখার কথা জানান তিনি।
তামিম বলেন, আপনাদের মাধ্যমে আমি বাবা-মা, ভাই-বোনসহ সবার কাছে অনুরোধ করতে চাই, নিরাপত্তা বা এ ধরনের বিষয় নিয়ে আপনারা চিন্তিত হবেন না। আপনার বাসার মেয়েদের, বাচ্চাদের অবশ্যই পাঠাবেন। তাদের যদি ক্রিকেটে আগ্রহ থাকে, তারা আসবে, খেলবে। তাদের নিরাপত্তা থেকে শুরু করে সবকিছুর দায়িত্ব আমাদের। বিসিবির পক্ষ থেকে রবি আছে, আমরা তাদের দেখভাল করব।
এবারের আয়োজনের আরেকটি বিশেষ দিক হলো শুধু পেসারদের খোঁজা হবে না। স্পিনার, মিস্ট্রি স্পিনারসহ যে কোনো ধরনের বোলিং প্রতিভা এখানে নিজের সামর্থ্য দেখাতে পারবেন। নারী ও পুরুষ বিভাগের জন্য থাকবে আলাদা কোচিং প্যানেল।
বোলার হান্টের পরিধি বোঝাতে গিয়ে তামিম বলেন, যখন আমরা বিষয়টি নিয়ে বসি, তখন আমরা ‘বোলার হান্ট’ নামটি দিতে চেয়েছি। কারণ, এটি শুধু ফাস্ট বোলারদের নিয়ে নয়। এখানে একজন স্পিনার হতে পারে, একজন মিস্ট্রি স্পিনার হতে পারে কিংবা যেকোনো ধরনের বোলার হতে পারে।
সাধারণ ক্রিকেট নির্বাচনে যেখানে নির্দিষ্ট মানদণ্ড বা পারফরম্যান্সের প্রয়োজন হয়, এই হান্টে তেমন কোনো শর্ত রাখা হয়নি। ফলে বয়স বা অভিজ্ঞতার প্রচলিত নির্বাচনী কাঠামোর বাইরে প্রতিভাবানদের নিজেদের সামর্থ্য তুলে ধরার সুযোগ তৈরি হয়েছে।
এ প্রসঙ্গে বিসিবি সভাপতি বলেন, এই প্রোগ্রামের সৌন্দর্যই হলো-এখানে কোনো মানদণ্ড নেই, কোনো শর্ত নেই। যে কেউ এসে অংশ নিতে পারে। এটাই এই ক্যাম্পেইনের সবচেয়ে বড় সৌন্দর্য।
আগামী ২৭ সেপ্টেম্বর সিলেট দিয়ে ট্রায়াল শুরু হবে। এরপর দেশের সব বিভাগীয় শহরে পর্যায়ক্রমে ট্রায়াল অনুষ্ঠিত হবে। ঢাকায় ২টি ট্রায়াল আয়োজন করা হবে এবং সব মিলিয়ে মোট ৯টি ট্রায়াল অনুষ্ঠিত হবে।
বিভাগীয় ট্রায়াল শেষে প্রতিটি স্থান থেকে বাছাইকৃত নির্দিষ্ট সংখ্যক বোলারকে ঢাকায় শেষ পর্বের ক্যাম্পে ডাকা হবে। সেখান থেকে বিজয়ীদের হাই পারফরর্ম্যান্স ইউনিটের অধীনে ট্রেনিং করাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
ট্রায়ালে অংশ নিতে মাই রবি ও মাই সার্কেল অ্যাপের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে হবে। এবার ১৬ থেকে ২৫ বছর পর্যন্ত নারী-পুরুষ ক্রিকেটাররা আবেদন করতে পারবেন।
এই বোলার হান্টে পাকিস্তানের সাবেক লেগ স্পিনার মুশতাক আহমেদ এবং ওয়েস্ট ইন্ডিজের সাবেক ফাস্ট বোলার কোরি কলিমোর এবং এইচপির হেড কোচ মোহাম্মদ সালাউদ্দিন সরাসরি তত্ত্বাবধান করবেন।
আরটিভি/এসআর



