হামজাদের কোচ হতে ৩০০ আবেদন, কাদের প্রাধান্য দিচ্ছে বাফুফে?

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬ , ১০:২০ এএম


হামজাদের কোচ হতে ৩০০ আবেদন, কাদের প্রাধান্য দিচ্ছে বাফুফে?

জাতীয় ফুটবল দলের প্রধান কোচের পদপ্রত্যাশী হিসেবে আবেদন করেছিলেন প্রায় তিন শতাধিক কোচ। সেখান থেকে কঠোর বাছাই প্রক্রিয়ার মাধ্যমে এখন ১৪২ জনের একটি তালিকা তৈরি করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। 

নতুন কোচ নিয়োগে এবার কোনো ছাড় দিতে রাজি নয় ফেডারেশন। উয়েফা প্রো লাইসেন্সসহ আন্তর্জাতিক ফুটবলে অভিজ্ঞতাসম্পন্ন কোচদেরই প্রাধান্য দেওয়া হচ্ছে। জাতীয় দলের জন্য যোগ্য ও দক্ষ একজন অভিভাবক খুঁজতে বাফুফের কোচ বাছাই কমিটি এখন দিনরাত কাজ করে যাচ্ছে।

বাফুফের কোচ বাছাই কমিটিতে রয়েছেন টেকনিক্যাল ডিরেক্টর সাইফুল বারী এবং নির্বাহী কমিটির সদস্য ছাইদ হাছান কানন ও ইকবাল হোসেন। তারা কঠোর মানদণ্ডের ভিত্তিতে প্রার্থীদের যাচাই-বাছাই করছেন। 

আরও পড়ুন

ছাইদ হাছান কানন জানিয়েছেন, কোচ নির্বাচনের ক্ষেত্রে উয়েফা প্রো লাইসেন্সধারী হওয়াটা বাধ্যতামূলক করা হয়েছে। পাশাপাশি জাতীয় দলের সঙ্গে কাজের অভিজ্ঞতা, বিশেষ করে এশিয়ান ফুটবলে কাজের রেকর্ড, সাফল্যের স্বীকৃত ইতিহাস এবং ৪০ থেকে ৬০ বছর বয়সসীমাকে সবচেয়ে বেশি অগ্রাধিকার দেওয়া হচ্ছে। কোচ বাছাইয়ের ক্ষেত্রে ইউরোপীয়দের প্রতি ফেডারেশনের বিশেষ আগ্রহ রয়েছে বলেও তিনি উল্লেখ করেছেন।

বর্তমানে হাতে থাকা ১৪২ জন উয়েফা প্রো লাইসেন্সধারী কোচের তালিকা থেকে আরও ছাঁটাই চলছে। সব মিলিয়ে খুব দ্রুতই এই বিশাল তালিকা কমিয়ে ২০ থেকে ২৫ জনের একটি চূড়ান্ত সংক্ষিপ্ত তালিকা তৈরি করা হবে বলে বাফুফের পক্ষ থেকে জানানো হয়েছে। চূড়ান্ত তালিকা থেকে সাক্ষাৎকারের মাধ্যমে সেরা ব্যক্তিকে বেছে নেওয়ার পরিকল্পনা রয়েছে ফেডারেশনের। প্রাথমিক তালিকায় ইউরোপসহ বিশ্বের বিভিন্ন দেশের অভিজ্ঞ ও সফল কোচদের নাম থাকায় বাফুফে আশাবাদী যে, এবার ভালো মানের একজন কোচ নিয়োগ সম্ভব হবে।

প্রাথমিক তালিকায় থাকা উল্লেখযোগ্য কোচদের মধ্যে আছেন হাঙ্গেরির বার্নড স্টক, ফ্রান্সের দিদিয়ের ওলে, কানাডার স্টেফানো কুসিন, মন্টেনেগ্রোর মইদুরাগ রাদুলভিচ, জার্মানির অ্যান্টইনো হে এবং ক্রোয়েশিয়ার ইগর স্টিমাচ। এ ছাড়াও বাংলাদেশ দলের সাবেক কোচ জেমি ডে, মারিও লেমোস ও ফ্যাবিও লোপেজের মতো পরিচিত মুখও নতুন করে আবেদন করেছেন। তবে পুরনোদের চেয়ে নতুন কোনো কৌশলীকে সুযোগ দেওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

আরটিভি/এআর 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission