স্পেনের দ্বিতীয় বিভাগের (সেগুন্ডা ডিভিশন) রিয়াল জারাগোজা ও এসডি হুয়েসকার মধ্যকার ম্যাচে রোববার (২৬ এপ্রিল) ঘটে গেল অপ্রত্যাশিত সহিংসতার ঘটনা। ম্যাচটি শেষ হয় একাধিক লাল কার্ড ও খেলোয়াড়দের মধ্যে হাতাহাতির মধ্য দিয়ে।
ম্যাচের একেবারে শেষ মুহূর্তে জারাগোজার গোলকিপার এস্তেবান আন্দ্রাদা ও হুয়েসকার ডিফেন্ডার হোর্হে পুলিদোর মধ্যে উত্তেজনা চরমে পৌঁছায়। পুলিদো আন্দ্রাদার দিকে এগিয়ে গেলে প্রথমে তাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেন আর্জেন্টাইন গোলকিপার।
এরপর রেফারি আন্দ্রাদাকে দ্বিতীয় হলুদ কার্ড দেখিয়ে মাঠ থেকে বের করে দেন। কিন্তু মাঠ ছাড়ার সময় পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। ক্ষুব্ধ আন্দ্রাদা পুলিদোর পেছনে গিয়ে তার মুখে ঘুষি মারেন।
এই ঘটনার পর দুই দলের খেলোয়াড় ও স্টাফদের মধ্যে ব্যাপক হাতাহাতি শুরু হয়। বিশৃঙ্খলার এক পর্যায়ে হুয়েসকার গোলকিপার দানি জিমেনেজও আন্দ্রাদাকে আক্রমণ করে তার মাথার পেছনে ঘুষি মারেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রেফারি আরও একটি লাল কার্ড দেখিয়ে জারাগোজার ডানি তাসেন্দেকেও মাঠ ছাড়ার নির্দেশ দেন।
শেষ পর্যন্ত ম্যাচে ১-০ গোলে জয় পায় হুয়েসকা। এই জয়ে তারা অবনমন এড়ানোর লড়াইয়ে গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট অর্জন করে। অন্যদিকে জারাগোজাও লিগের নিচের দিকের চাপেই রয়ে গেল।
আরটিভি/এসকে



