ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

র‌্যাংকিংয়ে পাকিস্তানকে পেছনে ফেলল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০১ মে ২০২৬, ০৮:২৫ পিএম
ছবি: সংগৃহীত

আইসিসির সর্বশেষ বার্ষিক হালনাগাদে সুখবর পেয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। নতুন র‌্যাংকিং অনুযায়ী নারী ওয়ানডে ক্রিকেটে এক ধাপ এগিয়ে পাকিস্তানকে পেছনে ফেলে এখন ৭ নম্বরে উঠে এসেছে বাংলাদেশ।

আইসিসি জানিয়েছে, মে ২০২৫ থেকে খেলা ম্যাচগুলোকে ১০০ শতাংশ গুরুত্ব দেওয়া হয়েছে এবং আগের দুই বছরের পারফরম্যান্স ধরা হয়েছে ৫০ শতাংশ হিসেবে। এই হিসাব অনুযায়ী বাংলাদেশের রেটিং পয়েন্ট দাঁড়িয়েছে ৭৩, যেখানে পাকিস্তানের পয়েন্ট ৭২। মূলত পাকিস্তান ৩ পয়েন্ট হারানোয় তারা নেমে গেছে ৮ নম্বরে, আর বাংলাদেশ এক ধাপ এগিয়েছে।

শীর্ষে রয়েছে অস্ট্রেলিয়া, যাদের পয়েন্ট ১৬৩। এরপর যথাক্রমে ইংল্যান্ড (১২৮) এবং ভারত (১২৬) অবস্থান করছে। শীর্ষ ছয়ে কোনো পরিবর্তন হয়নি।

এদিকে পুরুষদের টেস্ট র‌্যাংকিংয়েও কিছু পরিবর্তন এসেছে। অস্ট্রেলিয়া ১৩১ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে। দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় (১১৯), আর ভারত এক ধাপ এগিয়ে তৃতীয় স্থানে উঠেছে, ইংল্যান্ড নেমে গেছে চতুর্থ স্থানে।

পাকিস্তান ৮৯ পয়েন্ট নিয়ে শ্রীলঙ্কাকে পেছনে ফেলে অবস্থান উন্নত করেছে। শীর্ষ দশে আরও রয়েছে ওয়েস্ট ইন্ডিজ, বাংলাদেশ ও জিম্বাবুয়ে।

আরও পড়ুন

আইসিসি জানিয়েছে, নির্ধারিত ম্যাচ না খেলায় আয়ারল্যান্ডকে র‌্যাঙ্কিং থেকে বাদ দেওয়া হয়েছে। একই কারণে নারী র‌্যাঙ্কিং থেকে থাইল্যান্ড ও নেদারল্যান্ডসও নেই।

আগামী ৫ মে টি-টোয়েন্টি এবং ৭ মে পুরুষদের ওয়ানডে র‌্যাঙ্কিং হালনাগাদ প্রকাশ করবে আইসিসি।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বিসিবির কাভার্ডভ্যান থেকে ক্রিকেটারদের লাগেজ গায়েব
জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় রাউন্ডের ম্যাচ খেলে ঢাকা থেকে রাজশাহী ফেরার পথে বিপাকে পড়েছেন বিভাগীয় দলের চার ক্রিকেটার। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাভার্ড ভ্যানে দলের ৫৪টি লাগেজের মধ্যে তাঁদের আটটি গায়েব হয়ে গেছে। বুধবার (১৪ অক্টোবর) সকালে রাজশাহীর হোটেলে লাগেজ নামানোর সময় বিষয়টি ধরা পড়ে। এ ঘটনায় দলের ক্রিকেটার এসএম মেহেরব হাসান রাজশাহী মহানগরের রাজপাড়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। লাগেজ উদ্ধারে কাজ করছে রাজশাহী ও নাটোর জেলা পুলিশ। জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় রাউন্ডে মিরপুরে খুলনা বিভাগের বিপক্ষে ম্যাচ খেলে বুধবার সকালে আকাশপথে রাজশাহী ফেরেন রাজশাহী বিভাগের ক্রিকেটাররা।  এর আগের রাতে দলের ৫৪টি লাগেজ নিয়ে ঢাকার উদ্দেশে রওনা হয়েছিল বিসিবির একটি কাভার্ড ভ্যান। সকালে রাজশাহী নগরের একটি হোটেলে কাভার্ড ভ্যানটি পৌঁছালে লাগেজ নামানোর সময় আটটি লাগেজের খোঁজ পাওয়া যায়নি। জিডিতে মেহেরব হাসান উল্লেখ করেন, কাভার্ড ভ্যানের চালক সজীবের কাছ থেকে তিনি জানতে পেরেছেন, রাজশাহী আসার পথে সিরাজগঞ্জের হাটিকুমরুল মোড়ে গাড়ির পেছনের দরজা পরীক্ষা করে তালাবদ্ধ দেখেছিলেন চালক। জিডির তথ্য অনুযায়ী, বুধবার ভোর সাড়ে পাঁচটার দিকে পুঠিয়া বাজারের কাছাকাছি পৌঁছালে পেছন থেকে আসা অন্য একটি গাড়ির চালক সজীবকে জানান, কাভার্ড ভ্যানের পেছনের দরজা খোলা। এরপর পুঠিয়া বাজার পার হওয়ার আগেই নাটোরের দিকে একটি জ্বালানি তেলের পাম্পের সামনে গাড়ি থামিয়ে পেছনের দরজা খোলা দেখতে পান। পরে দরজা বন্ধ করে রাজশাহীর উদ্দেশে রওনা হন। সকাল ছয়টার দিকে রাজশাহীর হোটেলে পৌঁছানোর পর লাগেজ নামাতে গিয়ে আটটি লাগেজ না থাকার বিষয়টি ধরা পড়ে। গায়েব হওয়া আটটি লাগেজের মধ্যে মেহেরব হাসানের লাগেজে ছিল তাঁর পাসপোর্ট, একটি আইফোন ১৫ প্রো ম্যাক্স, ৩০০ মার্কিন ডলার, নগদ তিন লাখ টাকা, প্রায় ৭০ হাজার টাকা মূল্যের তিনটি সুগন্ধি এবং ব্যবহৃত পোশাক। জিডিতে তাঁর আইফোনটির মূল্য ৮০ হাজার টাকা উল্লেখ করা হয়েছে। আরও যে তিন ক্রিকেটারের লাগেজ গায়েব হয়েছে, তাঁরা হলেন আব্দুল কাদের, মোহর শেখ অন্তর ও মো. ওয়ালিদ। রাজশাহী বিভাগীয় দলের ব্যবস্থাপক তৌহিদ তারেক বলেন, ‘এ ঘটনায় আমরা বিব্রত। বিষয়টি পুলিশ-প্রশাসনকে জানিয়েছি। ক্রিকেটারদের লাগেজ উদ্ধারে তাঁরা কাজ করছেন।’ রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) রাজপাড়া থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, ‘জিডি আমাদের থানায় হয়েছে। কিন্তু ঘটনাস্থল নাটোর কিংবা রাজশাহী জেলার মধ্যে হবে। দুই জেলা পুলিশ কাজ করছে। আমরা প্রযুক্তিগত সহযোগিতা করছি। তদন্ত চলছে।’ আরটিভি/এসআর
বিসিবির কাভার্ডভ্যান থেকে ক্রিকেটারদের লাগেজ গায়েব
রাতে পিএসজি-ম্যানসিটির মহাযুদ্ধ, একাধিক রেকর্ডের সামনে হাল্যান্ড
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে আজ রাতে ঘরের মাঠ ইত্তিহাদ স্টেডিয়ামে বর্তমান চ্যাম্পিয়ন প্যারিস সেইন্ট জার্মেইর (পিএসজি) মুখোমুখি হবে ম্যানচেস্টার সিটি। এই ম্যাচে গোল করতে পারলেই সার্জিও অ্যাগুয়েরোকে ছাড়িয়ে যাবেন আলিং হাল্যান্ড। চ্যাম্পিয়ন্স লিগে ৫৯ ম্যাচে মাঠে নেমে ৫৯টি গোল করেছেন ম্যানসিটির এই গোলমেশিন। যার মধ্যে সিটির আকাশী-নীল জার্সিতে ৪০ ম্যাচে তার গোল সংখ্যা ৩৬। আর একটি গোল করলেই অ্যাগুয়েরোকে (৬৪ ম্যাচে ৩৬ গোল) ছাড়িয়ে এককভাবে ম্যানচেস্টার সিটির ইতিহাসে চ্যাম্পিয়ন্স লিগের সর্বোচ্চ গোলদাতা হয়ে যাবেন এই ২৬ বছর বয়সী তারকা।  বিশেষ করে টুর্নামেন্টের গ্রুপ ও লিগ পর্বে হালান্ড বেশ ভয়ংকর; ২০১৯-২০ মৌসুমে অভিষেকের পর থেকে এই পর্বে ৩৯ ম্যাচে ৪২ গোল করেছেন তিনি, যা এই সময়ে আর কেউ করতে পারেননি। আজকের ম্যাচে আরও একটি বড় মাইলফলক হাতছানি দিচ্ছে হাল্যান্ডকে। আর ১টি গোল করলেই তিনি ম্যানচেস্টার ইউনাইটেড ও রিয়াল মাদ্রিদের সাবেক তারকা রুদ ফান নিস্তেলরয়ের ৬০ গোলের মাইলফলক স্পর্শ করবেন। আর জোড়া গোল করতে পারলে চ্যাম্পিয়ন্স লিগের সর্বকালের সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় এককভাবে সাত নম্বরে উঠে আসবেন।  তার সামনে থাকবেন কেবল ক্রিস্টিয়ানো রোনালদো (১৪১), লিওনেল মেসি (১২৯), রবার্ট লেভানডোফস্কি (১০৯), করিম বেনজেমা (৯০), কিলিয়ান এমবাপ্পে (৭১) ও রাউল গঞ্জালেস (৭১)। যদিও সাম্প্রতিক দেখায় সিটির চেয়ে পিএসজির পাল্লাই ভারী। শেষ তিন সাক্ষাৎকারে দুটিতেই জিতেছে ফরাসি ক্লাবটি, তবে দল হারলেও তিন গোল আদায় করে নিয়েছিলেন হালান্ড। তাছাড়া আজকের ম্যাচটি ঘরের মাঠ ইতিহাদে, যেখানে সিটির হয়ে নিজের ৩৬টি চ্যাম্পিয়ন্স লিগ গোলের ২৩টিই (প্রায় ৬৪ শতাংশ) করেছেন এই নরওয়েজিয়ান তারকা। সব প্রতিযোগিতা মিলিয়ে রেকর্ড গড়ার ধারা অব্যাহত রেখেছেন হাল্যান্ড। গত মাসে চ্যাম্পিয়ন্স লিগের প্রথম ম্যাচে পোর্তোর বিপক্ষে ২-০ গোলের জয়ে জোড়া গোল করে সিটির তৃতীয় সর্বোচ্চ গোলদাতা টমি জনসনকে টপকে যান তিনি।  ২০২২ সালে যোগ দেওয়ার পর ২০৬ ম্যাচে তার গোল এখন ১৭০টি। সামনে আছেন ১৭৭ গোল করা এরিক ব্রুক, আর ২৬০ গোল নিয়ে সবার ওপরে সার্জিও অ্যাগুয়েরো। গত মৌসুমের দুর্দান্ত পারফরম্যান্স (৩৮ গোল) এই মৌসুমেও বজায় রেখেছেন হাল্যান্ড। সব প্রতিযোগিতা মিলিয়ে চলতি মৌসুমে ৮ ম্যাচে ইতিমধ্যেই ৮টি গোল করে ফেলেছেন তিনি।  আরটিভি/এসআর
রাতে পিএসজি-ম্যানসিটির মহাযুদ্ধ, একাধিক রেকর্ডের সামনে হাল্যান্ড
আর্থিক বিপর্যয়ের দ্বারপ্রান্তে ইংল্যান্ডের ৯৪ শতাংশ ক্লাব, দেখে নিন তালিকা
গত মৌসুমে ইংলিশ ফুটবলের মোট আয় ছিল ৯০০ কোটি পাউন্ড। মূলত প্রিমিয়ার লিগের বিশ্বজোড়া জনপ্রিয়তার কারণেই এত বিপুল আয়। কিন্তু আয়ের এই পাহাড়ের আড়ালে লুকিয়ে আছে আর্থিক সংকটের গভীর খাদ। অধিকাংশ পেশাদার ফুটবল ক্লাব দাঁড়িয়ে আছে আর্থিক বিপর্যয়ের কিনারায়! মালিকেরা অর্থের জোগান বন্ধ করে দিলে প্রায় এক-তৃতীয়াংশ ক্লাব এক মাসও টিকতে পারবে না। ইংল্যান্ডের নতুন স্বাধীন ফুটবল নিয়ন্ত্রক সংস্থার (আইএফআর) ‘স্টেট অব দ্য গেম’ নামে প্রতিবেদনে উঠে এসেছে এমনই উদ্বেগজনক চিত্র।  প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫-২৬ মৌসুমে ইংল্যান্ডের শীর্ষ পাঁচ স্তরের ৯৪ শতাংশ ক্লাবই লোকসান করেছে। অথচ গত মৌসুমে ইংলিশ ফুটবলের মোট আয় ছিল ৯০০ কোটি পাউন্ড।  ইংলিশ ফুটবলে যে মাত্রার আর্থিক ঝুঁকি স্থায়ীভাবে জায়গা করে নিয়েছে, তা মোকাবিলায় আর সময় নষ্ট করার সুযোগ নেই। প্রতিবেদন অনুযায়ী, প্রায় সব ক্লাবই টিকে থাকতে মালিকদের অর্থের ওপর নির্ভরশীল। প্রায় দুই-তৃতীয়াংশ ক্লাব জানিয়েছে, মালিকেরা হঠাৎ অর্থ দেওয়া বন্ধ করলে ৯০ দিনের বেশি টিকতে পারবে না তারা। প্রায় এক-তৃতীয়াংশ ক্লাবের অবস্থা আরও ভয়াবহ। তাদের হাতে সময় থাকবে সর্বোচ্চ এক মাস। নিয়ন্ত্রক সংস্থার মতে, ইংলিশ ফুটবল এখন ‘ঝুঁকিতে ঠাসা এক খেলা’। বিশেষ করে চ্যাম্পিয়নশিপ, লিগ ওয়ান ও লিগ টুর ক্লাবগুলো প্রিমিয়ার লিগের বিপুল অর্থের নাগাল পেতে সামর্থ্যের বাইরে খরচ করছে। তাতে বাড়ছে ঋণের বোঝা, তৈরি হচ্ছে অস্তিত্বের সংকট। সাম্প্রতিক বছরগুলোয় শেফিল্ড ওয়েনসডে, ডার্বি কাউন্টি, রিডিং ও উইগানের মতো ক্লাব আর্থিক সংকটে পড়েছে। ঋণের চাপে ২০১৯ সালে বিলুপ্ত হয়েছে বুরি, পরের বছর ম্যাকলসফিল্ড টাউন। আইএফআরের চেয়ারম্যান ডেভিড কোগান ও প্রধান নির্বাহী রিচার্ড মঙ্কস প্রতিবেদনে লিখেছেন, ‘ইংলিশ ফুটবলে যে মাত্রার আর্থিক ঝুঁকি স্থায়ীভাবে জায়গা করে নিয়েছে, তা মোকাবিলায় আর সময় নষ্ট করার সুযোগ নেই।’ ২০২৭ সালের শুরুতে চূড়ান্ত প্রতিবেদন প্রকাশের কথা। এর আগে প্রিমিয়ার লিগ ও ইংলিশ ফুটবল লিগকে (ইএফএল) রাজস্ব বণ্টনের নতুন চুক্তিতে পৌঁছানোর আহ্বান জানিয়েছে সংস্থাটি। সমঝোতা না হলে নিজেদের ক্ষমতা প্রয়োগের হুঁশিয়ারিও দিয়েছে। প্রিমিয়ার লিগ অবশ্য আগামী ১০ বছরে নিম্নস্তরের ক্লাবগুলোকে দেওয়া আর্থিক সহায়তা দ্বিগুণ করার প্রস্তাব দিয়েছে। আলোচনা এখনো চলছে। ফুটবল সমর্থকদের সংগঠন ফুটবল সাপোর্টার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান টম গ্রেটরেক্স এই প্রতিবেদনকে ইংলিশ ফুটবলের জন্য ‘বিপৎসংকেত’বলেছেন।  ব্রিটেনের সংস্কৃতিমন্ত্রী লিসা ন্যান্ডির বক্তব্য আরও তাৎপর্যপূর্ণ, ‘এই ক্লাবগুলো সমর্থকদের। সমর্থকদের ছাড়া এগুলোর কোনো অস্তিত্ব নেই।’ আরটিভি/এসআর
আর্থিক বিপর্যয়ের দ্বারপ্রান্তে ইংল্যান্ডের ৯৪ শতাংশ ক্লাব, দেখে নিন তালিকা
নতুন কুঁড়ি স্পোর্টসে নিবন্ধন ১৬ লাখ ছাড়াল
নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরে ১৬ লাখেরও বেশি খেলোয়াড় নিবন্ধন করেছেন বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।  বুধবার (১৪ অক্টোবর) জাতীয় ক্রীড়া পরিষদে (এনএসসি) ক্রীড়া সম্পাদকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এই তথ্য জানান তিনি। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, আমাদের এরই মধ্যে অনলাইনে ১৬ লাখ ২৩ হাজার নিবন্ধন করেছে। সেখানে ৯ লাখের বেশি কিশোর। কিশোরী ৬ লাখের বেশি। শতকরা হিসেব করে দেখেছি ৫০ শতাংশ আমাদের কিশোর। আর অংশগ্রহণ করছে ৪২ শতাংশ মেয়ে। বাংলাদেশের আগামী ক্রীড়াঙ্গনে মেয়েদের যে অংশগ্রহণ, তা দেখে আরও অনেকে উৎসাহিত হবেন। তাদের ঘরের মেয়েরাও যে পারে, তাদেরও হাত ধরে যে বাংলাদেশ এগিয়ে যেতে পারে, সেই আশার আলো সেসব পরিবার দেখতে পায়। এদিকে দেশের ৪ হাজার ৫৯৯টি ইউনিয়ন থেকে দল গঠনে প্রায় ১৪ লাখ শিক্ষার্থী প্রয়োজন বলে জানিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী।  আমিনুল হকের মতে, ফুটবল, ক্রিকেটসহ ১০ ইভেন্টে প্রয়োজন ১৪ লাখ খেলোয়াড়। ক্রীড়াবিদ বাছাইয়ে ইতোমধ্যেই ইউনিয়ন পর্যায়ে কমিটি গঠন করা হয়েছে বলেও জানিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী।  আগামী ৫ নভেম্বর নতুন কুঁড়ি সিজন-২ এর উদ্বোধন করা হবে। এদিন খুলনা থেকে একযোগে ৫০৩টি উপজেলায় প্রজেক্টরের মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমান এই প্রতিযোগিতার উদ্বোধন করবেন বলে জানিয়েছেন আমিনুল। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী, প্রথমবার যে ৩০৬ ক্রীড়াবিদ পেয়েছি, তাদের নিয়ে আমাদের এরই মধ্যে বিকেএসপিতে ৪০ দিনের একটি প্রশিক্ষণ কার্যক্রম চালু রয়েছে। যেসব ক্রীড়াবিদকে ফাইনাল রাউন্ডে পুরস্কৃত করেছিলাম, তাদের ৪০ দিনের অনুশীলন সেশনের মধ্য থেকে আমরা বা আমাদের যারা বিকেএসপির কোচ, প্রতিপক্ষ যাঁরা রয়েছেন, তাঁদের মাধ্যমে ১০ ইভেন্টের কার্যক্রম শুরু করতে যাচ্ছি। উল্লেখ্য, নতুন কুঁড়ি স্পোর্টসের প্রথম আসরের ৮টি ইভেন্টে ১ লাখ ৬৮ হাজার ক্রীড়াবিদ নিবন্ধন করেছিল। তবে এবার দুটি ইভেন্ট বাড়িয়ে ১০টি করা হচ্ছে। আরটিভি/এসআর
নতুন কুঁড়ি স্পোর্টসে নিবন্ধন ১৬ লাখ ছাড়াল
অস্ট্রেলিয়ার মাটিতে হোয়াইটওয়াশ বাংলাদেশ নারী দল
প্রথম দুই ম্যাচ হেরে আগেই সিরিজ খুইয়েছে বাংলাদেশ দল। তৃতীয় ম্যাচটা জিতে সম্মান রক্ষার কথা জানিয়েছিলেন শারমিন আক্তার সুপ্তা। কিন্তু নিজের কথা রাখতে পারেননি তিনি। এতে অজিদের মাটিতে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হলো লাল-সবুজের প্রতিনিধিরা। এদিন বাংলাদেশকে ৮ উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়া। বুধবার (১৪ অক্টোবর) ব্রিসবেনের অ্যালান বর্ডার ফিল্ডে টস হেরে আগে ব্যাট করতে নেমে ৪৯ দশমিক ৫ ওভারে ১৭২ রানে অলআউট হয় বাংলাদেশ। জবাবে মাত্র ২২ দশমিক ৪ ওভারে ২ উইকেটে ১৭৫ রান তুলে নেয় স্বাগতিকরা। ১৬৪ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে তারা। ১৭৩ রানের লক্ষ্য তাড়ায় অবশ্য শুরুতে কিছুটা ধাক্কা খেয়েছিল অস্ট্রেলিয়া। দ্বিতীয় ওভারে জর্জিয়া ভলকে (১১) এলবিডব্লিউ করেন সুলতানা খাতুন। এরপর নিজের শততম ওয়ানডে খেলতে নামা বেথ মুনিকে ২১ রানে বোল্ড করেন দিশা বিশ্বাস। মাত্র ৩৮ রানে দুই ওপেনারকে হারায় স্বাগতিকরা। তবে বাংলাদেশের সেই সাফল্য বেশিক্ষণ স্থায়ী হয়নি। তৃতীয় উইকেটে অবিচ্ছিন্ন ১৩৭ রানের জুটি গড়ে ম্যাচ শেষ করেন পেরি ও সাদারল্যান্ড। শুরুতে কিছুটা দেখেশুনে খেললেও দ্রুতই আক্রমণাত্মক হয়ে ওঠেন তাঁরা। বিশেষ করে সাদারল্যান্ডের ব্যাটে দ্রুত রান উঠতে থাকে। মাত্র ৫২ বলে ১২টি চারে অপরাজিত ৭৪ রান করেন তিনি। অন্যদিকে পেরি ৬৪ বলে ৮টি চারে অপরাজিত থাকেন ৬৫ রানে। দুজনের দাপটে বাংলাদেশের আর কোনো বোলারই উইকেটের দেখা পাননি। এর আগে ব্যাটিংয়ে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার অভিজ্ঞ পেসার মেগান শাটের বোলিংয়ে মাত্র ১৮ রানে ৩ উইকেট হারায় সফরকারীরা। মুর্শিদা খাতুন ১, শারমিন সুলতানা ৬ ও অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ৩ রান করে ফেরেন। এরপর আগের ম্যাচের সেঞ্চুরিয়ান সোবহানা মোস্তারীকেও ৯ রানে ফেরান শাট। ৪৫ রানে ৪ উইকেট হারিয়ে তখন বড় বিপর্যয়ের মুখে বাংলাদেশ। সেখান থেকে দলের হাল ধরেন শারমিন আক্তার ও স্বর্ণা আক্তার। পঞ্চম উইকেটে ৫৪ রানের জুটি গড়ে প্রাথমিক বিপর্যয় সামাল দেন দুজন। ৯৩ বলে ৮টি চারে ৫০ রান করে এলিস পেরির বলে আউট হন শারমিন। এরপরও এক প্রান্ত আগলে রেখে লড়াই চালিয়ে যান স্বর্ণা। ৭১ বলে ৪টি চারে ৫৪ রান করেন স্বর্ণা। শেষদিকে দিশা বিশ্বাস ১৩ রানে অপরাজিত থাকলে বাংলাদেশের সংগ্রহ পৌঁছায় ১৭২-এ। অস্ট্রেলিয়ার হয়ে দুর্দান্ত বোলিং করেন শাট। ১০ ওভারে পাঁচটি মেডেনসহ মাত্র ১৬ রান দিয়ে চার উইকেট নেন তিনি। সাদারল্যান্ড ও অ্যাশলি গার্ডনার নেন দুটি করে উইকেট। দুর্দান্ত বোলিংয়ের স্বীকৃতি হিসেবে ম্যাচসেরার পাশাপাশি সিরিজসেরার পুরস্কারও পেয়েছেন শাট। আরটিভি/এসআর
অস্ট্রেলিয়ার মাটিতে হোয়াইটওয়াশ বাংলাদেশ নারী দল
আরও পড়ুন
পাকিস্তানের সাথে বাণিজ্য সম্প্রসারণ ও শিল্পখাতে সহযোগিতার নতুন সম্ভাবনা
১৪ দিনের সফরে যুক্তরাষ্ট্রে চরমোনাই পীর
পাকিস্তানে ট্রেন দুর্ঘটনায় নিহত ৬, আহত ৩০
সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকতে বলেছে দূতাবাস