ইংল্যান্ডের পুরুষ দলের কোচ হলেন সাবেক নারী ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬ , ০৩:১৮ পিএম


ইংল্যান্ডের পুরুষ দলের কোচ হলেন সাবেক নারী ক্রিকেটার
ইংল্যান্ড নারী দলের সাবেক উইকেটরক্ষক ব্যাটার সারাহ টেইলর। ছবি: সংগৃহীত

আসন্ন নিউজিল্যান্ড সিরিজের জন্য রুট-স্টোকসদের ফিল্ডিং কোচ হিসেবে ইংল্যান্ড নারী দলের সাবেক উইকেটরক্ষক ব্যাটার সারাহ টেইলরকে নিয়োগ দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। পুরুষ ক্রিকেটে জাতীয় দলের প্রথম নারী কোচ হিসেবে নিয়োগ পেলেন সারাহ। 

বুধবার (১৪ মে) ইংল্যান্ড টেস্ট দলের ফিল্ডিং কোচ হিসেবে তার দায়িত্বের বিষয় নিশ্চিত করেন ইংলিশ মেন্স ক্রিকেটের পরিচালক রব কি। পরের সপ্তাহে ৩৭ বছর পূর্ণ হবে সারাহ’র, তার আগে কোচিং ক্যারিয়ারে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন তিনি।

আন্তর্জাতিক ক্যারিয়ারে সারাহ বিশ্বের নারী-পুরুষ উভয় ক্রিকেটের অন্যতম সেরা উইকেটরক্ষক হিসেবে বিবেচিত হতেন। ১৩ বছরের ক্যারিয়ারে তিন ফরম্যাটে ইংল্যান্ডের হয়ে ২২৬ ম্যাচ খেলেছেন তিনি। 

আরও পড়ুন

২০১৭ সালে ইংলিশদের বিশ্বকাপ জয়েও ৩৬ বছর বয়সী এই তারকা দারুণ ভূমিকা রেখেছিলেন। খেলোয়াড়ী অধ্যায় শেষে কোচিং ক্যারিয়ারে মনোযোগী হন সারাহ, কাউন্টির পুরুষ ক্রিকেট দল সাসেক্স এবং ম্যানচেস্টার অরিজিনালসের দায়িত্ব পালন করেছেন তিনি।

লর্ডসে আগামী ৪ জুন থেকে শুরু হওয়া তিন টেস্টের সিরিজে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে ইংলিশরা। পরের দুই ম্যাচ ওভালে ১৭ জুন ও ট্রেন্ট ব্রিজে ২৫ জুন থেকে শুরু হবে। এই সিরিজ দিয়ে প্রথম কোনো জাতীয় দলের দায়িত্বে সারাহ টেইলরের অভিষেক হবে।

ইংলিশ ক্রিকেটের পরিচালক রব কি জানিয়েছেন, আমার মতে তিনি তার কাজে এই অঙ্গনের অন্যতম সেরা। তিনি অসাধারণ কাজ করেছেন এবং অ্যান্ড্রু ফ্লিনটফ ও এড বার্নির (পারফরম্যান্স ডিরেক্টর) সঙ্গে কাজের অভিজ্ঞতা আছে। তারাও তার ভূয়সী প্রশংসা করেন। সুতরাং আমরা যা দেখছি, তাতে তিনি এই কাজে (ফিল্ডিং কোচের ভূমিকায়) অন্যতম সেরা।

আরটিভি/এসআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission