আর্জেন্টিনার বিশ্বকাপ দল ঘোষণা কখন, কোথায় দেখবেন?

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬ , ১১:৫০ এএম


আর্জেন্টিনার বিশ্বকাপ দল ঘোষণা কখন, কোথায় দেখবেন?
আর্জেন্টিনার ফুটবল দল : ছবি সংগৃহীত

আসন্ন বিশ্বকাপের জন্য বড় দলগুলো ইতোমধ্যে দল ঘোষণা করলেও বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এখন পর্যন্ত স্কোয়াড ঘোষণা করেনি। দেশটির কোচ লিওনেল স্কালোনি শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষার কৌশল নিয়েছেন বলে জানা গেছে।

আর্জেন্টাইন গণমাধ্যমের তথ্য মতে, ২৮-৩০ মের মধ্যে স্কোয়াড ঘোষণা করা হতে পারে। ফিফার নিয়ম অনুযায়ী, সব দলকে ৩০ মের মধ্যে চূড়ান্ত তালিকা জমা দিতে হবে। এরপর ২ জুন বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা আনুষ্ঠানিকভাবে সব দলের স্কোয়াড প্রকাশ করবে।

ঘোষণার পরপরই আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) অফিসিয়াল প্ল্যাটফর্মে দল প্রকাশ করা হবে। আর্জেন্টিনা ফুটবল দলের ওয়েবসাইট, ফেসবুক ও ইনস্টাগ্রাম পেজ থেকে সরাসরি স্কোয়াড জানানো হবে। পাশাপাশি লাইভ আপডেটও পাওয়া যাবে তাদের অফিসিয়াল চ্যানেলে।

আরও পড়ুন

আন্তর্জাতিক সম্প্রচারে বাংলাদেশসহ বিভিন্ন দেশে স্কোয়াড ঘোষণাটি সরাসরি দেখা যাবে। এর মধ্যে ইএসপিএন, বিইন স্পোর্টস এবং সনি স্পোর্টস নেটওয়ার্কের মতো চ্যানেল ও ডিজিটাল প্ল্যাটফর্মে লাইভ কভারেজ পাওয়ার সম্ভাবনা রয়েছে। বিভিন্ন ফুটবল-ভিত্তিক ইউটিউব চ্যানেলেও তা সরাসরি সম্প্রচার করা হতে পারে।

তথ্য মতে, আগামী শনিবার (৩০ মে) আর্জেন্টিনা দল যুক্তরাষ্ট্রের কানসাস সিটির উদ্দেশে রওনা দেবে, যেখানে তাদের বিশ্বকাপের ক্যাম্প স্থাপন করা হবে। অনেকের ধারণা, ক্যাম্পে পৌঁছানোর দিন বা তার আগেই চূড়ান্ত দল ঘোষণা আসতে পারে।

ক্যাম্প শুরু হলে আর্জেন্টিনা দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে ৭ জুন হন্ডুরাসের বিপক্ষে এবং ১০ জুন আইসল্যান্ডের বিপক্ষে। এই ম্যাচগুলো মূলত বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি হিসেবে বিবেচিত হচ্ছে।

কোচ স্কালোনি চোটঝুঁকি মাথায় রেখে প্রাথমিকভাবে ৩২ জনের বড় স্কোয়াড নিয়ে ক্যাম্পে যেতে পারেন বলে আর্জেন্টাইন গণমাধ্যম জানিয়েছে। এতে শেষ মুহূর্তে কোনো খেলোয়াড় অনুপস্থিত হলে বিকল্প ব্যবস্থাও রাখা যাবে।

দলে তারকাদের উপস্থিতি নিয়ে ইতোমধ্যে ভক্তদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। অধিনায়ক লিওনেল মেসি ছাড়াও লাউতারো মার্টিনেজ ও এনজো ফার্নান্দেজের মতো গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের দলে থাকার সম্ভাবনা রয়েছে বলে ধারণা করা হচ্ছে।

চোট নিয়ে কিছু তারকার শঙ্কা থাকলেও আর্জেন্টিনা শিবিরে বর্তমানে বেশিরভাগ খেলোয়াড়ই ফিট আছেন বলে জানা গেছে। ফলে শক্তিশালী ও ভারসাম্যপূর্ণ দল নিয়েই বিশ্বমঞ্চে নামার পরিকল্পনা করছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

আরটিভি/এমএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission