
লিওনেল মেসির উত্তরসূরি কে হবেন, তা নিয়ে ফুটবল বিশ্বে আলোচনা দীর্ঘদিনের। আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ জয় থেকে শুরু করে ক্লাব ফুটবলে অসংখ্য রেকর্ড সব মিলিয়ে মেসির শূন্যস্থান পূরণ করা যে কারও জন্যই কঠিন।
তবে মেসির উত্তরসূরি হিসেবে এক তরুণ ফুটবলারের নাম আগেভাগেই বলে দিয়েছেন তার মা সেলিয়া মারিয়া কুচ্চিত্তিনি। সেই ফুটবলার আর্জেন্টিনার উদীয়মান তারকা নিকো পাজ।
সম্প্রতি আর্জেন্টাইন ডিজাইনার ফাবিয়ান পাজের মাধ্যমে সামনে এসেছে ঘটনাটি। গোল ডটকমের প্রতিবেদন অনুযায়ী, মেসির বিদায়ী ম্যাচে নিকো পাজকে কাছে পেয়ে আবেগঘন মন্তব্য করেছিলেন তার মা।
গত ৬ অক্টোবর বুয়েনস এইরেসের মনুমেন্তাল স্টেডিয়ামে বেনিনের বিপক্ষে ৩-০ গোলের জয় দিয়ে আর্জেন্টিনার জার্সিতে শেষ ম্যাচ খেলেন মেসি। ছেলের সেই বিদায়ী ম্যাচ দেখতে গ্যালারিতে উপস্থিত ছিলেন কুচ্চিত্তিনি। সেদিনই ঘটে বিশেষ মুহূর্তটি।
ফাবিয়ান পাজ জানান, মেসির বিদায়ী ম্যাচে ড্রেসিংরুম থেকে বেরিয়ে আসার সময় নিকো পাজের সঙ্গে দেখা হয় কুচ্চিত্তিনির। তখন ছেলের বিদায়ে আবেগাপ্লুত হয়ে কাঁদছিলেন তিনি। নিকো তাকে চিনতেন, তাই কাছে গিয়ে শুভেচ্ছা জানান। এ সময় নিকোর হাত ধরে মেসির মা বলেন, ‘তুমিই আমার ছেলের উত্তরসূরি।’
মেসির মায়ের মুখে এমন কথা শুনে বিস্মিত হয়ে যান নিকো। ফাবিয়ানের ভাষ্য অনুযায়ী, পরে নিকো তাকে জানিয়েছিলেন, এমন একটি ঘটনা ঘটতে পারে, তা তিনি কল্পনাও করেননি। মেসির মতো কিংবদন্তির মায়ের কাছ থেকে এমন স্বীকৃতি পাওয়া ছিল তার জন্য বিশেষ অনুভূতির।
তবে মেসির উত্তরসূরি হওয়ার বিষয়টি কখনোই নিজের লক্ষ্য হিসেবে দেখেননি নিকো। তার কাছে বড় প্রাপ্তি ছিল মেসির সঙ্গে পরিচিত হওয়া এবং একই মাঠে তার পাশে খেলার সুযোগ পাওয়া। আর্জেন্টিনার ফুটবলপ্রেমীদের প্রত্যাশা ও আবেগের চাপও অনেক বেশি। তবে দেশের বাইরে বেড়ে ওঠায় সেই চাপের সঙ্গে এখনো পুরোপুরি অভ্যস্ত নন এই তরুণ মিডফিল্ডার।
এদিকে মেসি পরবর্তী সময়ে নিজেদের সামর্থ্যের জানান দিচ্ছে আর্জেন্টিনা। বুধবার (১৮ নভেম্বর) কোস্টারিকার বিপক্ষে প্রীতি ম্যাচে ৭-০ গোলের বড় জয় পেয়েছে আলবিসেলেস্তেরা। ম্যাচে দারুণ পারফরম্যান্স করেছেন নিকো পাজ। জুলিয়ান আলভারেজ ও ফ্রাঙ্কো মাস্তানতুয়োনোর সঙ্গে জোড়া গোল করেন তিনি। অন্য গোলটি করেন অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার।
ম্যাচের প্রথমার্ধেই দুই গোল করে নিজের সামর্থ্যের প্রমাণ দেন নিকো। আর্জেন্টিনার জার্সিতে সবশেষ পাঁচ ম্যাচে তার গোলসংখ্যা এখন পাঁচ। ফলে মেসির উত্তরসূরি হওয়ার আলোচনা নতুন করে জোরালো হচ্ছে। তবে কিংবদন্তি মেসির সঙ্গে তুলনার বাইরে নিজের পরিচয় গড়ে তোলাই এখন নিকো পাজের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
আরটিভি/এসকে


