
ফুটবলারদের চুলের স্টাইল ও রঙ নিয়ে নতুন কিছু নয়। তবে মাঠের পারফরম্যান্সের সঙ্গে চুলের রঙকে জড়িয়ে সমালোচনা করায় এবার ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার। গ্রেমিওর বিপক্ষে ম্যাচে হারের পর সমালোচকদের উদ্দেশে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, চুলের রঙের সঙ্গে ফুটবলের কোনো সম্পর্ক নেই।
গ্রেমিওর বিপক্ষে ম্যাচের আগে চুল ব্লিচ করে নতুন লুকে মাঠে নামেন সান্তোসের তারকা নেইমার। একইভাবে চুলের রঙ পরিবর্তন করেন তার সতীর্থ গাবিগোল, কৌতিনিয়ো, রোদিনেই ও আর্থারও। তবে ম্যাচের আগে খেলোয়াড়দের এমন সাজ নিয়ে সমালোচনা শুরু হয়। ম্যাচ শেষে মিক্সড জোনে এক সাংবাদিক নেইমারকে প্রশ্ন করেন, চুলের এমন স্টাইল অহংকারের বহিঃপ্রকাশ কি না।
প্রশ্নটি শুনে ক্ষুব্ধ হন সাবেক বার্সেলোনা তারকা। জবাবে নেইমার বলেন, ‘কে বলেছে এসব কথা? তারা সম্পূর্ণ ভুল। চুল কিছুই বদলায় না। আমি চুলে রঙ করিয়েছি, কিন্তু এর কোনো প্রভাব পড়েনি। সবাই চুলে রঙ করেছে। ফুটবলের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। আপনারা তো দেখেছেন, আমরা ভালো খেলেছি। তাদের ভুলভাবে পেনাল্টি দেওয়া হয়েছিল।’
সমালোচকদের উদ্দেশে নেইমার আরও বলেন, ‘এ ধরনের কথা যারা বলে, তারা ফুটবল বোঝে না। তারা আমাদের দৈনন্দিন জীবন সম্পর্কে জানে না। আমরা কী ভাবছি, সেটাও তাদের জানা নেই। নিজেদের ব্যাপারে আমরা কতটা কঠোর, তা-ও তারা জানে না।’
তবে এসব সমালোচনায় খুব একটা গুরুত্ব দিতে চান না ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ড। তিনি বলেন, ‘আমরা জানি, এ ধরনের মন্তব্য আসতেই থাকবে। কিন্তু এসব কথা বলে তারাই, যারা ফুটবল বোঝে না। এটা স্বাভাবিক। চুলে রঙ করলে কিছুই বদলায় না। আমি আমার চুল হলুদ, গোলাপি কিংবা সবুজ করতে পারি, তারপরও প্রতিটি ম্যাচে ভালো খেলতে পারব। আজ আমাদের শুধু ফিনিশিং ও গোলের অভাব ছিল।’
ম্যাচের পরিসংখ্যানেও বল দখলে এগিয়ে ছিল সান্তোস। ৭১ শতাংশ সময় বল নিজেদের নিয়ন্ত্রণে রাখার পাশাপাশি গ্রেমিওর চেয়ে বেশি শট নেয় তারা। তবে আক্রমণে সেই আধিপত্যকে বড় কোনো গোলের সুযোগে রূপ দিতে পারেনি দলটি।
ম্যাচের ১৪ মিনিটে আমুজুর গোলে পিছিয়ে পড়ে সান্তোস। এরপর ৭৭ মিনিটে মার্টিন ব্র্যাথওয়েটের গোলে ব্যবধান বাড়ায় গ্রেমিও। শেষ পর্যন্ত আর ম্যাচে ফিরতে পারেনি নেইমারের দল।
আরটিভি/এসকে


