মা হারালেন ফুটবলার শিউলি

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

মঙ্গলবার, ০২ জুন ২০২৬ , ০১:০১ পিএম


মা হারালেন ফুটবলার শিউলি
শিউলি আজিম। ছবি: সংগৃহীত

উইমেন’স সাফ চ্যাম্পিয়নশিপে নেপালের বিপক্ষে গুরুত্বপূর্ণ সেমিফাইনালের ঠিক আগের দিন বড় ধাক্কা খেল বাংলাদেশ নারী ফুটবল দল। দলের অভিজ্ঞ ডিফেন্ডার শিউলি আজিমের মা বাসনা আজিম না-ফেরার দেশে পাড়ি দিয়েছেন।

এই দুঃসংবাদের পর পুরো বাংলাদেশ দলের ক্যাম্পে নেমে আসে শোকের ছায়া। পরিস্থিতি বিবেচনায় মঙ্গলবার (২ জুন) সকালে দলের নির্ধারিত অনুশীলন সেশন বাতিল করা হয়। সতীর্থ ও কোচিং স্টাফরা এই কঠিন সময়ে শিউলি আজিমের পাশে দাঁড়িয়েছেন।

বুধবার (৩ জুন) সেমিফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী নেপালের মুখোমুখি হওয়ার কথা রয়েছে বাংলাদেশ দলের। ম্যাচটির প্রস্তুতির অংশ হিসেবে আজ সকালে ভারতের গোয়ার ব্যাম্বোলিম অ্যাথলেটিক ক্লাব মাঠে অনুশীলন করার কথা ছিল। তবে ভোরেই ক্যাম্পে পৌঁছায় শিউলির মায়ের মৃত্যুর খবর, ফলে পুরো দলের পরিকল্পনা বদলে যায়।

বাংলাদেশ নারী দলের দুইবারের সাফ চ্যাম্পিয়নশিপ জয়ের গুরুত্বপূর্ণ সদস্য শিউলি আজিম। রক্ষণভাগে অভিজ্ঞ এই ফুটবলারের নেতৃত্ব ও পারফরম্যান্স দলের জন্য সবসময়ই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এবারও হ্যাটট্রিক শিরোপা জয়ের লক্ষ্যে দলের সবচেয়ে অভিজ্ঞ খেলোয়াড়দের একজন হিসেবে তিনি টুর্নামেন্টে অংশ নিচ্ছেন।

চলমান আসরে মালদ্বীপের বিপক্ষে প্রথম ম্যাচে বুকে ব্যথার কারণে মাঠে নামতে পারেননি শিউলি। পরে ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে অনুশীলনে ফিরলেও ওই ম্যাচে তাকে একাদশে রাখেননি প্রধান কোচ পিটার জেমস বাটলার।

এদিকে গত দুটি আসরে নেপালকে তাদেরই ঘরের মাঠে হারিয়ে শিরোপা জয়ের ইতিহাস রয়েছে বাংলাদেশের। এবার সেমিফাইনালেই আবারও একই প্রতিপক্ষের মুখোমুখি হচ্ছে দলটি।

আরও পড়ুন

তবে মাঠের লড়াইয়ের আগে শিউলি আজিমের মায়ের মৃত্যুতে বাংলাদেশ দল মানসিকভাবে বড় ধাক্কা খেয়েছে। এখন সেমিফাইনালের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে শোক কাটিয়ে মাঠে ফোকাস ফেরানোই বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে পুরো দলের জন্য।

আরটিভি/এসকে 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission