ইংলিসের দিকে তেড়ে যাওয়ার ঘটনায় শাস্তি পেলেন নাহিদ রানা

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ , ০২:৩২ পিএম


ইংলিসের দিকে তেড়ে যাওয়ার ঘটনায় শাস্তি পেলেন নাহিদ রানা
শাস্তি পেলেন নাহিদ রানা। ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ার ব্যাটার জশ ইংলিসকে আউট করার পর আক্রমণাত্মক আচরণের কারণে শাস্তির মুখে পড়েছেন বাংলাদেশের পেসার নাহিদ রানা। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল তার বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ প্রমাণিত হওয়ায় তিরস্কার ও একটি ডিমেরিট পয়েন্ট দিয়েছে।

ম্যাচ চলাকালে ইংলিসকে আউট করার পর তার দিকে তেড়ে যান নাহিদ। এ সময় তাকে কিছু বলতে এবং উদযাপনের অংশ হিসেবে আক্রমণাত্মক ভঙ্গি প্রদর্শন করতে দেখা যায়। আইসিসির মতে, এই আচরণ খেলোয়াড় ও খেলোয়াড়-সহায়ক কর্মীদের আচরণবিধির ধারা ২.৫ লঙ্ঘনের শামিল।

উক্ত ধারায় বলা হয়েছে, কোনো ব্যাটার আউট হওয়ার পর এমন ভাষা, আচরণ বা অঙ্গভঙ্গি ব্যবহার করা যাবে না, যা প্রতিপক্ষকে অপমানিত করে বা আক্রমণাত্মক প্রতিক্রিয়া উসকে দিতে পারে।

লেভেল-১ অপরাধ হিসেবে নাহিদকে আনুষ্ঠানিকভাবে তিরস্কার করা হয়েছে। পাশাপাশি তার শৃঙ্খলাভঙ্গের রেকর্ডে ১টি ডিমেরিট পয়েন্ট যোগ হয়েছে। গত ২৪ মাসে এটি তার দ্বিতীয় অপরাধ হওয়ায় বর্তমানে তার মোট ডিমেরিট পয়েন্টের সংখ্যা দাঁড়িয়েছে ২।

আইসিসির নিয়ম অনুযায়ী, কোনো খেলোয়াড় ২৪ মাসের মধ্যে ৪ বা তার বেশি ডিমেরিট পয়েন্ট অর্জন করলে তা সাসপেনশন পয়েন্টে রূপান্তরিত হয় এবং সংশ্লিষ্ট খেলোয়াড় নিষেধাজ্ঞার মুখে পড়তে পারেন।

নাহিদ রানা অভিযোগ স্বীকার করে নিয়েছেন এবং আইসিসির আন্তর্জাতিক ম্যাচ রেফারিদের প্যানেলের সদস্য প্রকাশ ভাটের প্রস্তাবিত শাস্তি মেনে নিয়েছেন। ফলে এ ঘটনায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।

আরও পড়ুন

ম্যাচের অন-ফিল্ড আম্পায়ার আলেক্স ওয়্যার্ফ ও গাজী সোহেল, তৃতীয় আম্পায়ার আহসান রাজা এবং চতুর্থ আম্পায়ার মোরশেদ আলী খান এ অভিযোগ উত্থাপন করেন।


আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission