যুক্তরাষ্ট্রে চলমান বিশ্বকাপকে ঘিরে স্বাগতিক দলের প্রতি অনুপ্রেরণামূলক এক অভিনব ঘোষণা দিয়েছে দেশটির মহাকাশ গবেষণা সংস্থা নাসা। যুক্তরাষ্ট্র বিশ্বকাপ জিততে পারলে একটি অফিসিয়াল ফুটবল চাঁদে পাঠানো হবে বলে জানিয়েছে সংস্থাটি।
ফরাসি সংবাদপত্র লেকিপ এবং বার্তা সংস্থা এএফপি-এর প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার এক অনুষ্ঠানে নাসার প্রশাসক জেরাড আইজ্যাকম্যান এই ঘোষণা দেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র যদি বিশ্বচ্যাম্পিয়ন হয়, তাহলে সেই ঐতিহাসিক অর্জনকে স্মরণীয় করে রাখতে একটি অফিসিয়াল সকার বল রোবোটিক চন্দ্র মিশনের মাধ্যমে চাঁদে পাঠানো হবে।
যুক্তরাষ্ট্র দলকে শুভকামনা জানিয়ে আইজ্যাকম্যান বলেন, এগিয়ে যাও, আমেরিকান দল, করে দেখাও!
নাসা জানিয়েছে, বলটি বিভিন্ন বৈজ্ঞানিক যন্ত্রপাতির সঙ্গে ভবিষ্যতের একটি রোবোটিক মিশনে চাঁদে নেওয়া হবে। এটি সংস্থার দীর্ঘমেয়াদি চন্দ্রঘাঁটি স্থাপনের পরিকল্পনারও একটি প্রতীকী অংশ। একই সঙ্গে মহাকাশ গবেষণায় চীন, জাপান ও রাশিয়ার সঙ্গে চলমান প্রতিযোগিতার প্রেক্ষাপটেও উদ্যোগটি গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
এরই মধ্যে বিশ্বকাপের অফিসিয়াল ফুটবল আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) পাঠিয়েছে নাসা। আর যুক্তরাষ্ট্র যদি শিরোপা জিতে, তাহলে আরও একটি বল পৃথিবীর কক্ষপথ ছাড়িয়ে চাঁদের উদ্দেশে যাত্রা করবে।
নাসার চন্দ্রঘাঁটি কর্মসূচির ম্যানেজার কার্লোস গার্সিয়া-গালান বলেন, বলটি হালকা, তাই এটি বহন করা সম্ভব হবে বলে আমরা আত্মবিশ্বাসী। এখন সবকিছু নির্ভর করছে যুক্তরাষ্ট্রের পুরুষ ফুটবল দলের পারফরম্যান্সের ওপর।
এদিকে, শেষ ৩২ নিশ্চিত করা যুক্তরাষ্ট্রের সামনে এখন বসনিয়া-হার্জেগোভিনার চ্যালেঞ্জ। নির্ধারিত সূচি অনুযায়ী, আগামীকাল বাংলাদেশ সময় সকাল ৬টায় ক্যালিফোর্নিয়ায় অনুষ্ঠিত হবে ম্যাচটি। সেই লড়াইয়ে জয় পেলে বিশ্বকাপ অভিযানে আরও একধাপ এগিয়ে যাবে স্বাগতিকরা। আর শেষ পর্যন্ত শিরোপা জিততে পারলে, ফুটবলের ইতিহাসে প্রথমবারের মতো একটি বিশ্বকাপের বলের গন্তব্য হতে পারে চাঁদ।
আরটিভি/এসকে



