ফুটবল বিশ্বকাপের সেমিফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হতে যাচ্ছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ৭২ বছর পর কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেওয়া সুইজারল্যান্ড। কানসাস সিটি স্টেডিয়ামে অনুষ্ঠেয় এই হাইভোল্টেজ ম্যাচটির জন্য ম্যাচ অফিশিয়ালদের তালিকা প্রকাশ করেছে ফিফা। এবারের আসরে মাঠের বাইরে রেফারিং নিয়ে নানামুখী বিতর্কের মাঝেই এই গুরুত্বপূর্ণ ম্যাচের দায়িত্বে থাকছেন তিন পর্তুগিজ রেফারি।
ফিফার অফিশিয়াল ঘোষণা অনুযায়ী, এই ম্যাচের মূল রেফারির ভূমিকায় থাকবেন পর্তুগালের ৪৭ বছর বয়সী অভিজ্ঞ রেফারি জোয়াও পিনহেইরো। মাঠে তার দুই সহকারী হিসেবে লাইন সামলানোর দায়িত্বে থাকবেন আরও দুই পর্তুগিজ অফিশিয়াল ব্রুনো জেসুস এবং লুসিয়ানো মাইয়া।
জোয়াও পিনেইরা তার ক্যারিয়ারে ৪২১টি ম্যাচ পরিচালনা করেছেন, যার মধ্যে হলুদ কার্ড দিয়েছেন ১৮৮৬টি এবং লাল কার্ড ১৩৯টি। প্রতি ম্যাচে গড়ে ৪.৪৮টি হলুদ কার্ড দেখিয়েছেন এই রেফারি।
ইউরোপীয় ফুটবলের উয়েফা প্রতিযোগিতাগুলো পরিচালনার আন্তর্জাতিক অভিজ্ঞতা তার রয়েছে। তবে সম্প্রতি চ্যাম্পিয়ন্স লিগে একটি বিতর্কিত সিদ্ধান্তের কারণে তিনি বড় ধরনের সমালোচনার মুখে পড়েন।
পর্তুগিজ এই ত্রয়ীর পাশাপাশি ডাগআউটে চতুর্থ অফিশিয়াল হিসেবে দায়িত্ব পালন করবেন কানাডার ড্রু ফিশার। এছাড়া রিজার্ভ অ্যাসিস্ট্যান্ট রেফারি হিসেবে রাখা হয়েছে কানাডারই মাইকেল বারওয়েগেনকে।
আগামী ১১ জুলাই কানসাস সিটির মাঠে আর্জেন্টিনা ও সুইজারল্যান্ড মধ্যকার ম্যাচটি অনুষ্ঠিত হবে। রাউন্ড অব সিক্সটিনে মিশরকে ৩-২ ব্যবধানে হারায় ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। আর টাইব্রেকারে লাতিন আমেরিকার দল কলম্বিয়ার বিপক্ষে জয় পেয়েছে সুইসরা।
আরটিভি/ এসকেডি



