আজব তথ্য

বিশ্বকাপে সেনেগালের প্রধান চিকিৎসক ছিলেন স্ত্রীরোগ বিশেষজ্ঞ

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ , ১২:১৪ পিএম


বিশ্বকাপে সেনেগালের প্রধান চিকিৎসক ছিলেন স্ত্রীরোগ বিশেষজ্ঞ
সেনেগাল জাতীয় ফুটবল দল। ছবি: সংগৃহীত

২০২৬ ফিফা বিশ্বকাপ শেষ হওয়ার পর সেনেগাল জাতীয় ফুটবল দলের চিকিৎসা ব্যবস্থাপনা নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন দেশটির ফুটবল ফেডারেশনের সভাপতি আব্দুলায়ে ফল। তিনি দাবি করেছেন, বিশ্বকাপে দলের প্রধান চিকিৎসকের দায়িত্বে থাকা ডা. ফেদিওর মূলত একজন স্ত্রীরোগ বিশেষজ্ঞ (গাইনোকোলজিস্ট), যা তিনি অনেক পরে জানতে পেরেছেন।

ব্রাজিলিয়ান গণমাধ্যম গ্লোবো এস্পোর্তে-কে দেওয়া এক সাক্ষাৎকারে আব্দুলায়ে ফল বলেন, খেলোয়াড়রা ওই চিকিৎসকের ওপর পুরোপুরি আস্থা রাখতে পারেননি। তাদের ধারণা ছিল, ক্রীড়া চিকিৎসা এবং এলিট ফুটবলারদের চিকিৎসা ব্যবস্থাপনায় তার পর্যাপ্ত অভিজ্ঞতা ও দক্ষতার ঘাটতি রয়েছে।

তিনি বলেন, বাস্তবতা হলো, আমাদের প্রধান চিকিৎসকের এমন একাডেমিক প্রস্তুতি ছিল না, যা আমাদের খেলোয়াড়দের সর্বোচ্চ পর্যায়ে সহায়তা করতে পারে। ডা. ফেদিওর একজন গাইনোকোলজিস্ট এ বিষয়টি আমি অনেক পরে জানতে পারি। খেলোয়াড়দের কাছ থেকে যে প্রতিক্রিয়া পেয়েছি, তাতে তারা তার তত্ত্বাবধানে পুরোপুরি স্বস্তি বা আস্থা অনুভব করত না।

তবে আব্দুলায়ে ফল স্পষ্ট করেন, মূল সমস্যা চিকিৎসকের বিশেষজ্ঞ পরিচয় নয়; বরং স্পোর্টস মেডিসিন, অর্থোপেডিকস, স্পোর্টস ট্রমাটোলজি, ব্যায়াম শারীরবিদ্যা এবং এলিট অ্যাথলেটদের চিকিৎসা ব্যবস্থাপনায় পর্যাপ্ত দক্ষতার অভাব। তার দাবি, এসব সীমাবদ্ধতার কারণেই জাতীয় দলের খেলোয়াড়দের মধ্যে চিকিৎসা সেবা নিয়ে অনাস্থা তৈরি হয়েছিল।

ডা. ফেদিওর প্রায় ১০ বছর ধরে সেনেগাল জাতীয় দলের সঙ্গে যুক্ত ছিলেন।

এদিকে, ২০২৬ ফিফা বিশ্বকাপে সেনেগাল গ্রুপ পর্বে নরওয়ে ও ফ্রান্সের কাছে হারলেও ইরাককে বড় ব্যবধানে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করে। তবে নকআউট পর্বে বেলজিয়ামের বিপক্ষে দীর্ঘ সময় এগিয়ে থেকেও যোগ করা সময়ে দুটি গোল হজম করে ২-১ ব্যবধানে হেরে বিদায় নিতে হয় আফ্রিকার প্রতিনিধিদের।

আরও পড়ুন

বিশ্বকাপ শেষ হওয়ার পর জাতীয় দলের প্রধান কোচ পাপে থিয়াওকে বরখাস্ত করার ঘোষণা দিয়েছে সেনেগাল ফুটবল ফেডারেশন। তার অধীনে সেনেগাল ২০২৬ আফ্রিকা কাপ অব নেশনসের ফাইনালে উঠেছিল এবং বিশ্বকাপের মূল পর্বে খেলার যোগ্যতাও অর্জন করেছিল।

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission