
কাতার বিশ্বকাপ জয়ের পর আর্জেন্টিনার খেলোয়াড়দের উদযাপনে ব্যবহৃত সেই ট্রফি এবার উঠছে নিলামে। আগামী ৭ নভেম্বর যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলিনাভিত্তিক নিলাম প্রতিষ্ঠান রিচমন্ড অকশান্সের আয়োজনে ট্রফিটি নিলামে তোলা হবে।
২০২২ সালে কাতার বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সকে টাইব্রেকারে হারিয়ে শিরোপা জেতে লিওনেল মেসির নেতৃত্বাধীন আর্জেন্টিনা। নির্ধারিত ও অতিরিক্ত সময়ের খেলা ৩-৩ গোলে শেষ হওয়ার পর টাইব্রেকারে ৪-২ ব্যবধানে জয় পায় আলবিসেলেস্তেরা।
নিলামকারী প্রতিষ্ঠানটির দাবি, ফাইনাল শেষে মাঠে খেলোয়াড়দের শিরোপা উদযাপনের সময় ট্রফিটি ব্যবহার করা হয়েছিল। পরে আর্জেন্টিনার চ্যাম্পিয়ন দলের সদস্যরা এতে অটোগ্রাফ দেন। এরপর বুয়েনস আয়ার্সের ন্যাশনাল হিস্টোরিক্যাল মিউজিয়ামে প্রদর্শনীর জন্য রাখা হয় এটি।
ট্রফির পাশাপাশি নিলামে উঠছে একটি ট্রেডিং কার্ডও। কার্ডটিতে রেপ্লিকা ট্রফি হাতে লিওনেল মেসির ছবি রয়েছে। নিলামকারী প্রতিষ্ঠানের ভাষ্য, দুটি সংগ্রহযোগ্য সামগ্রী একসঙ্গে পাওয়ার সুযোগটি আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের ঐতিহাসিক মুহূর্তের স্মারক সংগ্রহের বিরল সুযোগ।
ট্রফিটির সত্যতা ও মালিকানার উৎস প্রমাণে যথাযথভাবে অনূদিত ও বৈধকৃত নোটারি দলিলের পাশাপাশি ছবি ও ভিডিও সংরক্ষিত রয়েছে বলেও জানিয়েছে প্রতিষ্ঠানটি।
আরটিভি/এসকে




