আঙুলে ব্যথা নিয়েই বিশ্বকাপ ফাইনালের প্রস্তুতিতে মার্তিনেস

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

শনিবার, ১৮ জুলাই ২০২৬ , ০৬:৩১ পিএম


আঙুলে ব্যথা নিয়েই বিশ্বকাপ ফাইনালের প্রস্তুতিতে মার্তিনেস
ছবি: সংগৃহীত

বিশ্বকাপ ফাইনালের আগে চোটের সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছেন আর্জেন্টিনার তারকা গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেস। আঙুলে নিয়মিত ব্যথা অনুভব করলেও অস্ত্রোপচার না করেই স্পেনের বিপক্ষে শিরোপা নির্ধারণী ম্যাচের প্রস্তুতি নিচ্ছেন তিনি।

রোববার (১৯ জুলাই) বাংলাদেশ সময় রাত ১টা নিউ ইয়র্কে উত্তর আমেরিকা বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও স্পেন। লামিন ইয়ামাল, মিকেল ওইয়ারসাবালদের মতো আক্রমণভাগের তারকাদের ঠেকানোর বড় দায়িত্ব থাকবে ৩৩ বছর বয়সী এই গোলরক্ষকের কাঁধে।

চার বছর আগে কাতার বিশ্বকাপের ফাইনালে দুর্দান্ত পারফরম্যান্সে আর্জেন্টিনাকে শিরোপা জিততে বড় ভূমিকা রেখেছিলেন মার্তিনেস। নির্ধারিত সময় ও অতিরিক্ত সময়ে গুরুত্বপূর্ণ কয়েকটি সেভের পাশাপাশি টাইব্রেকারে কিংসলে কুমানের শট ঠেকিয়ে নায়ক বনে যান তিনি। সেই আসরে গোল্ডেন গ্লাভসও জিতেছিলেন এই গোলকিপার।

স্পেনের বিপক্ষে আরেকটি ফাইনালের আগে লুসাইলের সেই স্মরণীয় রাতের কথা স্মরণ করে মার্তিনেস বলেন,
আমরা যা অর্জন করেছি, তা ভেবে মাঝেমাঝে আমি একাকী কাঁদি। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে, এই মুহূর্তটা উপভোগ করা। কেননা, এগুলোই আজীবন আমাদের সঙ্গে থাকবে।

গত মৌসুমের শেষ দিকে আঙুলে চোট পান মার্তিনেস। সেই কারণে বিশ্বকাপের আগে একটি প্রীতি ম্যাচেও খেলতে পারেননি তিনি। তবে ব্যথা নিয়েই মাঠে নেমে দলকে সেবা দিয়ে যাচ্ছেন।

নিজের শারীরিক অবস্থার বিষয়ে মার্তিনেস বলেন, এটা (আঙুলের ব্যথা) প্রতিদিনই কষ্ট দেয়। আমি অস্ত্রোপচার এড়িয়ে চলি। ইংল্যান্ড, যুক্তরাষ্ট্র সবখানেই বিশেষজ্ঞরা আমাকে অস্ত্রোপচারের কথা বলেছেন। আমি দলের সঙ্গে প্রথম ধাপে অনুশীলন করতে পারি না। তবে গ্রুপ পর্বের পর থেকে নিজেকে অনেক ভালো লাগছে।

গোলকিপারদের কঠিন বাস্তবতার কথাও তুলে ধরেন আর্জেন্টাইন তারকা। মজার ছলে বাবা-মায়েদের উদ্দেশে তিনি বলেন, বাবা-মায়েদের কাছে আমাদের অনুরোধ, তাদের সন্তান যেন ফরোয়ার্ড হয়, গোলকিপার না হয়।

আরও পড়ুন

চোটের ব্যথা থাকলেও বিশ্বকাপ ফাইনালে নিজের সেরাটা উজাড় করে দিতে প্রস্তুত মার্তিনেস। আর্জেন্টিনার সমর্থকদের আশা, কাতারের মতো এবারও বড় মঞ্চে দলের অন্যতম ভরসা হয়ে উঠবেন এই অভিজ্ঞ গোলরক্ষক।

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission