আর্জেন্টিনা ফুটবল ইতিহাসের সবচেয়ে প্রতারক দল: স্প্যানিশ সাংবাদিক

আরটিভি নিউজ

রোববার, ১৯ জুলাই ২০২৬ , ০৭:৩৩ পিএম


আর্জেন্টিনা ফুটবল ইতিহাসের সবচেয়ে প্রতারক দল: স্প্যানিশ সাংবাদিক
ছবি: সংগৃহীত

আর কিছু সময়ের পর শুরু হতে যাচ্ছে বিশ্বকাপ ফাইনাল। তবে এর মহারণ শুরুর আগেই মাঠের বাইরের সমালোচনার ঝড় শুরু হয়েছে। স্পেনের বিপক্ষে আর্জেন্টিনার হাইভোল্টেজ ফাইনালের আগে আলবিসেলেস্তেদের এক হাত নিলেন স্প্যানিশ সাংবাদিক রবার্তো গোমেজ। রেডিও মার্কার জনপ্রিয় অনুষ্ঠান ‘লা ত্রিবু’-তে দেয়া এক সাক্ষাৎকারে আর্জেন্টিনাকে ফুটবল ইতিহাসের সবচেয়ে ‘প্রতারক দল’ হিসেবে আখ্যায়িত করেছেন তিনি। যা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে এখন তোলপাড় চলছে।

স্প্যানিশ এই প্রবীণ সাংবাদিকের দাবি, লিওনেল স্কালোনির দল শুধু ফুটবল খেলে না, বরং মাঠে প্রতিপক্ষকে অনবরত উস্কানি দেয়। আর্জেন্টিনার খেলোয়াড়দের আচরণকে ‘সহিংস’ উল্লেখ করে তিনি দলটিকে একটি হিংস্র দল হিসেবেও মন্তব্য করেন। গোমেজের মতে, ফাইনালে স্পেনের প্রতিপক্ষ হিসেবে আর্জেন্টিনা সবচেয়ে বাজে এবং কঠিন একটি দল। তবে এই ম্যাচে আর্জেন্টিনাকে হারিয়ে স্পেন তাদের ইতিহাসের দ্বিতীয় বিশ্বকাপ ট্রফিটি উঁচিয়ে ধরবে বলেও তিনি আত্মবিশ্বাস প্রকাশ করেন।

আরও পড়ুন

চলতি বিশ্বকাপে আর্জেন্টিনার ফাইনালের পথচলা মাঠের পারফরম্যান্সের পাশাপাশি রেফারিং বিতর্কেও জড়িয়েছে বারবার। প্রায় প্রতিটি ম্যাচেই প্রতিপক্ষের ফুটবলার এবং কোচেরা হারের পর রেফারিং নিয়ে সরাসরি আঙুল তুলেছেন, যা স্কালোনি বাহিনীর জয়গুলোকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করেছে।

স্প্যানিশ সাংবাদিক গোমেজ সেই বিতর্ককেই উস্কে দিয়ে বলেন, শুধু এই বিশ্বকাপেই নয়, এর আগে আর্জেন্টিনা যে তিনটি বিশ্বকাপ জিতেছে, তার সবগুলোর পেছনেই জড়িয়ে আছে নানা বিতর্কিত ইতিহাস। মাঠের মহাযুদ্ধের আগে স্প্যানিশ ক্যাম্প থেকে আসা এমন কড়া মনস্তাত্ত্বিক আক্রমণ ফাইনালের উত্তেজনাকে আরও কয়েক গুণ বাড়িয়ে দিল।

আর্জেন্টিনার ওপর ক্ষোভ ঝাড়লেও দেশটির ফুটবল প্রতিভাকে অস্বীকার করতে পারেননি এই স্প্যানিশ সাংবাদিক। আলফ্রেডো ডি স্টেফানো, ডিয়েগো ম্যারাডোনা ও লিওনেল মেসির নাম উল্লেখ করে তিনি স্বীকার করেন যে, ইতিহাসসেরা ফুটবলাররা এই দেশ থেকেই এসেছেন এবং লিওনেল স্কালোনিও একজন অসাধারণ কোচ।

আরটিভি/ এসকেডি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission