ড্রেসিংরুমে কী ঘটেছিল জানেন না স্কালোনি, উড়িয়ে দিলেন গুঞ্জন

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

বুধবার, ২২ জুলাই ২০২৬ , ০৯:৫০ এএম


ড্রেসিংরুমে কী ঘটেছিল জানেন না স্কালোনি, উড়িয়ে দিলেন গুঞ্জন
লিওনেল স্কালোনি। ছবি: সংগৃহীত

বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে হারের হতাশা এখনও কাটেনি আর্জেন্টিনার। তবে নিজ শহর পুজাতোতে ফিরে দলকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া নানা গুঞ্জন ও বিতর্ককে গুরুত্ব দিতে অস্বীকৃতি জানিয়েছেন আর্জেন্টিনা জাতীয় দলের প্রধান কোচ লিওনেল স্কালোনি।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ড্রেসিংরুমে লিওনেল মেসির কথিত অনুপ্রেরণামূলক বক্তব্য বা দলের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে ছড়িয়ে পড়া আলোচনার বিষয়ে স্কালোনি বলেন, আমি সামাজিক যোগাযোগমাধ্যম দেখি না। এসব সম্পর্কে আমার কোনো ধারণাই নেই। আপনারা কী বলছেন, সেটাই আমি জানি না।

দলের মধ্যে বিভাজন বা অভ্যন্তরীণ সমস্যার গুঞ্জনও নাকচ করে দেন তিনি। স্কালোনির ভাষায়, আপনারা এমন প্রশ্ন করছেন, বিশ্বাসই করতে পারছি না। আমরা সম্পূর্ণ ভিন্ন একটি দিক নিয়ে ভাবছি।

তিনি বলেন, বিশ্বকাপে তার খেলোয়াড়রা জাতীয় দলের জার্সির প্রতি শতভাগ দায়বদ্ধতা দেখিয়েছেন। ভবিষ্যতেও যারা আর্জেন্টিনার হয়ে খেলবেন, তাদের কাছ থেকেও একই মানসিকতা প্রত্যাশা করেন তিনি।

বিশ্বকাপ শেষে বুয়েনস আইরেসে সমর্থকদের অভ্যর্থনায় মুগ্ধ স্কালোনি বলেন, হার মেনে নেওয়া কঠিন হলেও পরাজয় থেকেও শিক্ষা নেওয়ার সুযোগ রয়েছে। তার মতে, সম্মানের সঙ্গে হার গ্রহণ করাও একটি গুরুত্বপূর্ণ শিক্ষা।

নিজের ভবিষ্যৎ নিয়েও মুখ খুলেছেন আর্জেন্টাইন কোচ। তিনি জানান, ডিসেম্বর পর্যন্ত তার চুক্তি রয়েছে। এরপর কী হবে, তা সময়ই বলে দেবে। তবে তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আর্জেন্টিনা জাতীয় দল এবং সমর্থকদের সঙ্গে দলের সম্পর্ক অটুট থাকা।

২০২৭ সাল পর্যন্ত দায়িত্বে থাকবেন কি না এমন প্রশ্নে হাস্যরসের সুরে স্কালোনি বলেন, আবারও একই প্রশ্ন! এরপর তিনি যোগ করেন, প্রধান কোচ হিসেবে দায়িত্ব পাওয়াটাই ছিল তার জন্য স্বপ্নের মতো এবং এই সময়ে দলের অর্জন কল্পনারও বাইরে।

আরও পড়ুন

এদিকে, ইংল্যান্ডকে হারানোর পর সেমিফাইনালে কয়েকজন আর্জেন্টাইন ফুটবলারের “The Falklands Are Argentine” লেখা পতাকা প্রদর্শনের ঘটনায় সম্ভাব্য শাস্তির আলোচনা নিয়েও মন্তব্য করেন স্কালোনি। তিনি বলেন, এ বিষয়ে আগে থেকে তার কোনো ধারণা ছিল না এবং খেলোয়াড়রাও তাকে কিছু জানায়নি। বিষয়টি তিনি সবার মতো পরেই দেখেছেন।

প্রসঙ্গত, স্কালোনির এসব মন্তব্য প্রকাশ করেছে আর্জেন্টিনার ক্রীড়াভিত্তিক সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস।

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission