
ফুটবল ক্লাবে বড় বিনিয়োগের পথে অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস। ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব লিভারপুলের ৩০ শতাংশের কিছু বেশি মালিকানা কিনতে যাচ্ছে তার নেতৃত্বাধীন একটি বিনিয়োগ কনসোর্টিয়াম। সবকিছু ঠিক থাকলে চলতি সপ্তাহেই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।
স্কাই নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ব্যবসায়ী অমিত ভাটিয়ার নেতৃত্বাধীন এই কনসোর্টিয়ামে রয়েছেন বেজোস ও ফেসবুকের সহপ্রতিষ্ঠাতা এদুয়ার্দো স্যাভেরিন। তিন বিনিয়োগকারীর সম্মিলিত অংশীদারত্বের মাধ্যমে লিভারপুলের মালিকানায় নতুন এই অধ্যায় শুরু হতে যাচ্ছে।
বেজোসের সম্পদের পরিমাণ ২৮০ বিলিয়ন ডলারের বেশি বলে ধারণা করা হয়। অন্যদিকে স্যাভেরিনের সম্পদের পরিমাণ ৩২ বিলিয়ন ডলারের বেশি। অমিত ভাটিয়া ভারতীয় ইস্পাত ব্যবসায়ী লক্ষ্মী মিত্তালের জামাতা। এর আগে ইংলিশ চ্যাম্পিয়নশিপের ক্লাব কুইন্স পার্ক রেঞ্জার্সেরও শেয়ারহোল্ডার ছিলেন তিনি।
প্রস্তাবিত বিনিয়োগের পর লিভারপুলের মূল্য দাঁড়াতে পারে প্রায় ৬ বিলিয়ন ডলার। ফুটবল ক্লাবকে ঘিরে এটিকে অন্যতম বড় লেনদেন হিসেবে দেখা হচ্ছে। তবে আপাতত এটি সংখ্যালঘু অংশীদারত্ব হিসেবেই থাকছে। ভবিষ্যতে বেজোস ও তার সহযোগীরা ক্লাবটিতে আরও বড় অংশীদারত্ব কিংবা নিয়ন্ত্রণ নিতে চান কি না, সেটিই এখন বড় প্রশ্ন।
লিভারপুলের বর্তমান মালিক ফেনওয়ে স্পোর্টস গ্রুপ (এফএসজি)। ২০১০ সালে প্রায় ৩০০ মিলিয়ন পাউন্ডে ক্লাবটি কিনেছিল তারা। এরপর গত দেড় দশকে লিভারপুলের সাফল্যও বেড়েছে উল্লেখযোগ্যভাবে। এ সময়ে ক্লাবটি ষষ্ঠবারের মতো চ্যাম্পিয়নস লিগ জয়ের পাশাপাশি দুটি প্রিমিয়ার লিগ শিরোপাও জিতেছে।
ফুটবলের পাশাপাশি এফএসজির মালিকানায় রয়েছে মেজর লিগ বেসবলের দল বোস্টন রেড সক্স এবং এনএইচএলের পিটসবার্গ পেঙ্গুইনস।
এর আগে গত মাসে এফএসজি জানিয়েছিল, অমিত ভাটিয়ার নেতৃত্বাধীন একটি কনসোর্টিয়াম লিভারপুলে কৌশলগত বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে। তখন এফএসজির এক মুখপাত্র বলেছিলেন, অমিত ভাটিয়ার নেতৃত্ব, ব্যবস্থাপনা ও প্রতিনিধিত্বে থাকা একটি বিনিয়োগ কনসোর্টিয়াম লিভারপুল ফুটবল ক্লাবে কৌশলগত বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে।
এবার সেই আগ্রহই বাস্তব রূপ নিতে যাচ্ছে বলে জানিয়েছে স্কাই নিউজ। ফলে লিভারপুলের মালিকানায় বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি জেফ বেজোসের প্রবেশ এখন সময়ের অপেক্ষা।
আরটিভি/এসকে




