
অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে ৯ উইকেটের বড় জয় পেয়েছে বাংলাদেশ দল। দ্বিতীয় ম্যাচে হার এড়াতে পারলেই অজিদের বিপক্ষে সিরিজ জিতে ইতিহাস গড়বে টাইগাররা। তাই দ্বিতীয় ম্যাচেও বোলারদের দায়িত্ব নেওয়ার পরামর্শ দিয়েছেন কোচ ফিল সিমন্স।
ডারউইনে আলাদা করে নজর কেড়েছেন বোলাররা। প্রথম ইনিংসে হাসান মাহমুদের ৬ উইকেটের পর দ্বিতীয় ইনিংসে মেহেদী হাসান মিরাজ নেন ৫ উইকেট। বোলারদের এনে দেওয়া দারুণ শুরুর পর তা কাজে লাগিয়েই ম্যাচের দখল নেন ব্যাটাররা।
সিমন্স বলেছেন, আমি সব বোলারকে নিয়েই খুশি। প্রতিটি বোলারই আমাদের আলোচনা অনুযায়ী বল করেছে। অস্ট্রেলিয়ার সবাই ভালো ব্যাটার, তারা বিশ্বমানের ব্যাটার। ফলে যখন এমন জায়গায় তাদেরকে মোকাবেলা করবেন, আপনাকে ধারাবাহিক হয়ে তাদেরকে পরীক্ষায় ফেলতে হবে। এসব আমাদের জন্য কাজে দিয়েছে। অন্য দিন হয়ত কাজে না-ও দিতে পারে। আমাদের প্ল্যান ধরে রেখে তাদেরকে চাপে ফেলতে হবে।
তবে পরের ম্যাচের আগে শিষ্যদের সতর্ক করে দিলেন সিমন্স, আমি কেবল একটি কথাই বারবার বলে যেতে চাই, অস্ট্রেলিয়া অনেক শক্তিশালী হয়ে আমাদের দিকে আসবে। ফলে আমাদেরকে নিজেদের লেভেল ধরে রাখতে হবে অথবা কিছুটা উন্নতি করতে হবে। আমরা যদি ১% উন্নতিও করতে পারি কিছু বিভাগে, তাহলে নিশ্চিত করতে হবে যে, আমরা মাঠে তা করে দেখাচ্ছি। তবে আমরা জানি, অস্ট্রেলিয়া তাদের খেলা বদল করে আমাদেরকে চেপে ধরবে।’
দেশ ছাড়ার আগে অজিদের সম্মান আদায় করার কথা শোনা যাচ্ছিল। প্রথম ম্যাচ জিতে নিশ্চিতভাবে সেই সম্মান আদায় করে নিয়েছে বাংলাদেশ। এ ব্যাপারে সিমন্স বলেছেন, হ্যাঁ আমরা আরও সম্মান আদায় করতে চাই। আমার মনে হয় না আগে আমাদের সম্মান ছিল না। আমাদের আগেও সম্মান ছিল। এখন আগের চেয়ে বেশি পেয়েছি হয়ত। এওয়ে দল হিসেবে হয়ত সেভাবে ভালো খেলিনি আগে। তবে এখন ভালো খেলছি এওয়ে ম্যাচেও।
তিনি আরও বলেন, এসব সম্মান কেবল এখনই পাচ্ছি এরকম নয়, যখন পাকিস্তানে গিয়ে পাকিস্তানকে হারিয়েছিলাম তখন থেকেই এরকম হচ্ছে। এই জয় সেখানে যুক্ত হলো কেবল।
দলের সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিমের ব্যাপারে সিমন্স বলেছেন, সে দারুণভাবে উপভোগ করছে। মাঠেই তো দেখতে পাচ্ছেন। সে খেলতে পেরে দারুণ খুশি। একশর বেশি টেস্ট খেলেছে সে। এখন আর প্রমাণের কিছু নেই। আমি তাকে নিয়ে অনেক খুশি।
আরটিভি/এসআর




