
চ্যাম্পিয়নস লিগের সবশেষ গত দুই মৌসুমে নিজেদের সেরা দিতে পারেনি টুর্নামেন্টের সবচেয়ে সফল দল রিয়াল মাদ্রিদ। সেই সঙ্গে লা লিগাতেও শিরোপা বঞ্চিত লস ব্লাঙ্কোসরা। তাই নিজেদের সেরা ছন্দে ফিরতে আবারও হোসে মরিনহোকে উড়িয়ে এনেছে রিয়াল মাদ্রিদ।
চ্যাম্পিয়নস লিগে রিয়ালকে ১৬তম শিরোপা জেতাতে চাপ রয়েছে মরিনহোর উপর। তবে লিগ পর্বের কঠিন পরীক্ষ দিতে হয়েছে ১৫বারের চ্যাম্পিয়নদের। কারণ, ড্রতে প্রতিপক্ষ হিসেবে ছয় চ্যাম্পিয়ন দলকে পেয়েছে তারা।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) মোনাকোয় অনুষ্ঠিত হয়েছে ২০২৬-২৭ মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগের ড্র। এতে বর্তমান চ্যাম্পিয়ন প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) থেকে শুরু করে রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা, ম্যানচেস্টার সিটি, লিভারপুল ও বায়ার্ন মিউনিখসহ ৩৬ দলের প্রতিপক্ষ চূড়ান্ত হয়েছে।
লিগ পর্বে আর্সেনাল ও ইন্টার মিলানসহ ইউরোপের ছয় লিগের চ্যাম্পিয়নদের বিপক্ষে খেলতে হবে রেকর্ড ১৫ বারের শিরোপাজয়ীদের।
রিয়াল তাদের চারটি হোম ম্যাচের তিনটি লড়বে চ্যাম্পিয়ন দলের বিপক্ষে; সেরি আ চ্যাম্পিয়ন ইন্টার, ডাচ লিগের শিরোপাধারী পিএসভি ও অস্ট্রিয়ার লিগ চ্যাম্পিয়ন এলএএসকে’র বিপক্ষে। ঘরের মাঠে তাদের আরেক প্রতিপক্ষ লাইপজিগ।
আর দলটির চার অ্যাওয়ে ম্যাচের প্রতিপক্ষ প্রিমিয়ার লিগ জয়ী আর্সেনাল, ইউক্রেইনের প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন শাখতার দোনেৎস্ক, গ্রিক লিগের চ্যাম্পিয়ন এইকে এথেন্স ও সেরি আর ক্লাব রোমা।
আরটিভি/এসআর




