
আন্তর্জাতিক ফুটবলের বিশেষায়িত প্রশিক্ষণ কর্মসূচি ফিফা প্লেয়ার ট্রান্সফার কোর্সে জায়গা পেয়েছেন বাংলাদেশের ফুটবল বিশেষজ্ঞ আহমেদ শায়েক। কোর্সটির চতুর্থ আসরে বিশ্বের নির্বাচিত ৩০ জন অংশগ্রহণকারীর একজন হিসেবে নির্বাচিত হয়েছেন তিনি। বাংলাদেশ তো বটেই, দক্ষিণ এশিয়া থেকেও এই কোর্সে অংশ নিতে যাওয়া প্রথম ব্যক্তি শায়েক।
আগামী নভেম্বরে যুক্তরাষ্ট্রের মায়ামির কোরাল গেবলসে অবস্থিত ফিফার আইন বিভাগ কার্যালয়ে অনুষ্ঠিত হবে কোর্সটি।
ফিফার প্লেয়ার ট্রান্সফার কোর্সের আগের তিনটি আসরে সর্বোচ্চ ২৫ থেকে ৩০ জন করে অংশগ্রহণের সুযোগ পেয়েছেন। তিন আসর মিলিয়ে প্রায় ৯০ জন এই বিশেষায়িত প্রশিক্ষণ সম্পন্ন করেছেন। এবার চতুর্থ আসরে নির্বাচিত অংশগ্রহণকারীদের তালিকায় জায়গা করে নিয়েছেন বাংলাদেশের শায়েক।
আন্তর্জাতিক ফুটবলে খেলোয়াড়দের দলবদল ও নিবন্ধনসংক্রান্ত নিয়মকানুন নিয়ে পেশাদার জ্ঞান তৈরি করাই এই কোর্সের মূল উদ্দেশ্য। এক দেশ থেকে অন্য দেশে খেলোয়াড়ের আন্তর্জাতিক ট্রান্সফার, প্রয়োজনীয় নথিপত্র, দলবদলের প্রক্রিয়া এবং সংশ্লিষ্ট বিধিমালা সম্পর্কে বিস্তারিত প্রশিক্ষণ দেওয়া হবে।
এ ছাড়া খেলোয়াড় নিবন্ধন ও যোগ্যতা, ক্লাব পরিবর্তনের প্রক্রিয়া এবং ফিফার ডিজিটাল ট্রান্সফার ব্যবস্থার ব্যবহার নিয়েও থাকছে প্রশিক্ষণ। ট্রান্সফার ফি, ক্ষতিপূরণ এবং খেলোয়াড় তৈরিতে অবদান রাখা ক্লাবগুলোর আর্থিক অধিকারসহ দলবদলের আর্থিক বিষয়গুলোও কোর্সটির গুরুত্বপূর্ণ অংশ।
কোর্সে ট্রান্সফার নিষেধাজ্ঞা, চুক্তি নিয়ে বিরোধ, বিরোধ নিষ্পত্তির প্রক্রিয়া, ফিফার সংশ্লিষ্ট কাঠামো, খেলোয়াড় ও ক্লাবের প্রতিনিধিত্ব এবং ফুটবল এজেন্টদের ভূমিকা সম্পর্কেও বিস্তারিত ধারণা দেওয়া হবে।
বাংলাদেশের ফুটবলের জন্যও এই প্রশিক্ষণের গুরুত্ব রয়েছে। আন্তর্জাতিক দলবদল, খেলোয়াড় নিবন্ধন, ফিফার ট্রান্সফার ম্যাচিং সিস্টেম (টিএমএস) এবং বিভিন্ন কমপ্লায়েন্সসংক্রান্ত বিষয় আরও পেশাদারভাবে পরিচালনায় এই বিশেষায়িত জ্ঞান দেশের ক্লাব ও ফুটবল প্রশাসনের কাজে আসতে পারে।
দেশের ঘরোয়া ফুটবলেও কাজের অভিজ্ঞতা রয়েছে শায়েকের। বাংলাদেশের অন্যতম সফল ক্লাব বসুন্ধরা কিংসে মার্কেটিং ও মিডিয়া ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। বর্তমানে ক্লাবটির সঙ্গে যুক্ত না থাকলেও ফুটবল নিয়ে নিজের জ্ঞান ও অভিজ্ঞতা আরও সমৃদ্ধ করে ভবিষ্যতে আবারও এই অঙ্গনে কাজ করার ইচ্ছা রয়েছে তার।
ফিফার এমন একটি বিশেষায়িত কোর্সে বাংলাদেশের প্রথম প্রতিনিধি হিসেবে শায়েকের অংশগ্রহণ আন্তর্জাতিক ফুটবলের প্রশাসনিক ও দলবদলসংক্রান্ত ক্ষেত্রে দেশের জন্য নতুন সম্ভাবনার দুয়ার খুলতে পারে।
আরটিভি/এসকে




