
চলতি বছর বিপিএল না করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তাই ক্ষতি পোষাতে বিসিবি সভাপতির সঙ্গে আলোচনায় বসেছিলেন ক্রিকেটাররা। সেখানে বিপিএলের বিকল্প নিয়ে আলোচনা হয়েছে বলেন জানিয়েছেন নাসির হোসেন।
রোববার (৩০ আগস্ট) দুপুরে শুরু হওয়া মিটিং শেষে ক্রিকেটারদের প্রতিনিধি হয়ে গণমাধ্যমের মুখোমুখি হন নাসির হোসেন।
নাসির বলছিলেন, ‘প্রথমেই বলি, এই ক্রিকেট বোর্ড সবসময় ক্রিকেটারদের পাশে ছিল এবং আছে। আমরা বিপিএল নিয়েই কথা বলেছি, কেন আয়োজন হচ্ছে না- তা নিয়েই আলোচনা হয়েছে। বোর্ড সুন্দরভাবে ব্যাখ্যা দিয়েছে কেন বিপিএল হচ্ছে না।
‘বিপিএলের জায়গায় (সময়) কী করলে খেলোয়াড়দের জন্য ভালো হয়...। বিসিবির সঙ্গে বসে বুঝেছি, এবার বিপিএল হচ্ছে না। আমাদেরকে ভিন্ন টুর্নামেন্টের কথা জানিয়েছে। তবে কোন টুর্নামেন্ট হবে, সেটা আমরা পরবর্তী মিটিংয়ে বুঝতে পারব।’
বিসিবির প্রস্তাবকে সমর্থন করে নাসির বলেন, যে প্রস্তাবের কথা বলা হয়েছে সেটা খারাপ হবে না। ক্রিকেট বোর্ড কিছু বিষয় নিয়ে আমাদের সঙ্গে কথা বলেছে। যতটুকু বুঝলাম, ক্রিকেট বোর্ড ক্রিকেটারদের জন্য চিন্তা করেছে। ৫ থেকে ১০ বছর পর আমরা খেলোয়াড়রা কোথায় থাকব, সেটা নিয়েই বেশি ফোকাস করা হয়েছে।
ক্রিকেটারদের আর্থিক ক্ষতির কথা নিয়ে তিনি বলেন, দেখুন, বিপিএল না হলে খেলোয়াড়রা আর্থিকভাবে সমস্যায় পড়ে যাবে। তারা (বিসিবি) আমাদের কিছু প্রস্তাব দিয়েছে, আমাদের দিক থেকেও কিছু প্রস্তাব দেওয়া হয়েছে। কিন্তু কোন কিছুই চূড়ান্ত হয়নি। আমরা আবার পরবর্তীতে বসব এবং এটা নিয়ে আলোচনা করব।
আরটিভি/এসআর




